ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, তিন মোটরসাইকেলে আগুন, আহত ৫

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপি ও এর অঙ্গসংগঠনের একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে ওত পেতে থাকা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিএনপির কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় আহত ব্যক্তিরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। তাঁরা সবাই বিএনপির অঙ্গসংগঠনের কর্মী।
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতা-কর্মীরা অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালিয়ে প্রতিপক্ষের লোকজন ওত পেতে থেকে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়েছিল। মিছিলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম। ওই মিছিলের প্রতিবাদস্বরূপ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ এবং চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ।
নির্বাহী হাকিম মো. রহমত উল্লাহ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মাঠে রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। অপরাধী যে-ই হোক, তাঁদের গ্রেপ্তার করা হবে।










