ফটিকছড়িতে আগুনে পুড়ে ছাই ঘর, অসহায় জসিমের পাশে দাঁড়ালেন সাবেক চেয়ারম্যান

আগুনে পুড়ে বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছিলেন জসিম উদ্দিন (৫৫)। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে পরিবার নিয়ে পড়েছিলেন চরম বিপাকে। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন অধুনালুপ্ত রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার পাশাপাশি পুরো ঘরটি মেরামতের দায়িত্বও নিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া ১ নম্বর ওয়ার্ডের বড় টিলা এলাকায় জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে এসব সহায়তা দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
জানা গেছে, গত ৮ নভেম্বর অগ্নিকাণ্ডে জসিম উদ্দিনের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে খোলা আকাশের নিচে মানবেতরভাবে দিন কাটছিল তাঁর। দুই ছেলে ও তিন মেয়ের জনক জসিমের পরিবারে নেমে আসে চরম দুর্ভোগ। তিন মেয়ের বিয়ে হয়েছে। বড় ছেলে প্রায় তিন-চার বছর ধরে প্রবাসে থাকলেও তাঁর আয়ে কোনোমতে সংসার চলে। ছোট ছেলে শেখ নেওয়াজ বাবু স্থানীয় একটি সিলভারের দোকানে মাত্র ছয় হাজার টাকা বেতনে চাকরি করেন।
পেশায় ঘর মেরামতের কারিগর জসিম উদ্দিন নিজেও বর্তমানে বেকার। ফলে নিজের পুড়ে যাওয়া ঘরটি মেরামতের সামর্থ্যও ছিল না তাঁর।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগুনে ঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে আমি তাঁর বাড়িতে গিয়েছিলাম। তখন তাঁকে ঘরটি পুনরায় মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। খোলা আকাশের নিচে বেশ কয়েকদিন ধরে তাঁর বসবাসের বিষয়টি আমাকে ব্যথিত করেছে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ ঘরের কাজ শুরু করতে প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ অর্থ নিয়ে এসেছি। পুরো ঘরটি মেরামতের দায়িত্বও নিয়েছি।”
সহায়তা পেয়ে আবেগাপ্লুত জসিম উদ্দিন বলেন, “জাহাঙ্গীর চেয়ারম্যান অনেক ভালো মানুষ। আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত আমার বাড়িতে ছুটে এসেছিলেন। আমি একজন অসহায় মানুষ। নিজের ঘরটি মেরামত করার সামর্থ্য ছিল না। তিনি দায়িত্ব নিয়ে আমার ঘরটি মেরামত করে দিচ্ছেন। আল্লাহ তাঁর ভালো করুন।”
এ সময় পৌর যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না, সাবেক সদস্যসচিব আহসানুল করিম রাজন, সৈয়দ মেম্বার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরফানুল করিম সুমন, ওয়ার্ড যুবদলের সদস্যসচিব জোহা, মোরশেদ, যুবদল নেতা এরশাদ, রহমত ও ইকবাল, ছাত্রদল নেতা আরমান ও অপু এবং শ্রমিক দলের ১ নম্বর ওয়ার্ড সভাপতি জানে আলমসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











