প্রতিটি আবাদযোগ্য জমি চাষের আওতায় আনতে হবে: ফটিকছড়িতে ডিসি
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

প্রতিটি আবাদযোগ্য জমি চাষের আওতায় আনতে হবে: ফটিকছড়িতে ডিসি

প্রতিটি আবাদযোগ্য জমি চাষের আওতায় আনতে হবে: ফটিকছড়িতে ডিসি
ছবি সংগৃহীত।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনতে চট্টগ্রামের ফটিকছড়িতে সবজির বীজ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে আবাদযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (১ আগস্ট) উপজেলার পেলাগাজী দিঘির মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে ৪০ জন কৃষকের মধ্যে শসা, লাউ, চালকুমড়া, কলমি ও বেগুনের বীজ বিতরণ করা হয়। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি লবণ এবং ২৫০ গ্রাম করে হলুদ, মরিচসহ প্রয়োজনীয় মসলা দেওয়া হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “বন্যার কারণে কৃষি উৎপাদনে সাময়িক ধাক্কা এলেও দ্রুত চাষাবাদ শুরু করতে পারলে সেই ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। এজন্য কৃষকদের হাতে সময়োপযোগী বীজ ও কৃষি উপকরণ তুলে দেওয়া হচ্ছে।”

তিনি বলেন, “এক ইঞ্চি আবাদযোগ্য জমিও ফেলে রাখা যাবে না। ফসল, শাকসবজি কিংবা ফুল—যা-ই হোক, প্রতিটি জমি চাষের আওতায় আনতে হবে। বাড়তি পরিশ্রম করলে বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব।”

জেলা প্রশাসক বলেন, সাম্প্রতিক বন্যায় কৃষিজমি, ফসল ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হলেও সরকার কৃষকদের পাশে রয়েছে। দুর্যোগ চলাকালে খাদ্যসহায়তার পাশাপাশি এখন কৃষি উৎপাদন পুনরুদ্ধারে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

তিনি ফটিকছড়িকে চট্টগ্রামের অন্যতম সবজি উৎপাদন এলাকা উল্লেখ করে বলেন, এখানকার উৎপাদিত শাকসবজি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হয়। তাই এ অঞ্চলের কৃষি উৎপাদন সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




ধানমন্ত্রীর কাছে হেফাজতের প্রত্যাশা: শান্তি, স্থিতিশীলতা ও ক্রয়ক্ষমতা নিশ্চিত করা

ধানমন্ত্রীর কাছে হেফাজতের প্রত্যাশা: শান্তি, স্থিতিশীলতা ও ক্রয়ক্ষমতা নিশ্চিত করা
ছবি সংগৃহীত।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। এই সাক্ষাৎকে দেশের শীর্ষ আলেম ও মুরুব্বির সঙ্গে রাষ্ট্রপ্রধানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখছেন তারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, “হেফাজতে ইসলামের আমির ও আমাদের শ্রদ্ধেয় মুরুব্বি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের একজন প্রধান দেশের শীর্ষ আলেম ও মুরুব্বির সান্নিধ্যে আসছেন—এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাব।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা, দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারেন। সামাজিক হানাহানি ও রাজনৈতিক অস্থিরতা থেকে যেন দেশ মুক্ত থাকে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।”

দেশে ইসলামবিদ্বেষী কোনো শক্তি যাতে মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে বিষয়েও সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন হেফাজতের এই মুখপাত্র।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আরও বলেন, “আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে কিছু প্রস্তাব ও দাবি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।” তবে এই সাক্ষাৎকে কোনো রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই বলে স্পষ্ট করেন তিনি। তিনি বলেন, “আজকের এই অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। এটি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে হুজুরের ব্যক্তিগত সাক্ষাৎ ও দোয়ার অনুষ্ঠান।”

দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের শীর্ষ আলেমদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




জোট নয়, ইসলামের স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা: ইসলামাবাদী

জোট নয়, ইসলামের স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা: ইসলামাবাদী
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাক্ষাৎকে স্বাগত জানিয়েছেন সংগঠনটির নেতারা। এ সাক্ষাতে ইসলামের স্বার্থে কোনো আইন না করা এবং চট্টগ্রামে আরও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ হুসাইন মুহাম্মদ ইসলামাবাদী।

রবিবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে ঘিরে তিনি এসব কথা বলেন।

শেখ হুসাইন মুহাম্মদ ইসলামাবাদী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন, এতে আমরা খুবই খুশি। প্রধানমন্ত্রী আমাদের মেহমান হিসেবে আসছেন; তাই আমাদের কোনো রাজনৈতিক দাবি থাকবে না। তবে ইসলাম ও দেশের স্বার্থে দুটি বিষয় তুলে ধরব।’

তিনি বলেন, ‘ইসলামের বিরুদ্ধে কোনো আইন যেন সংসদে পাস না হয়, এটি আমাদের প্রথম দাবি। ইসলামের মৌলিক মূল্যবোধ ও কোরআন-হাদিসের পরিপন্থী কোনো আইন প্রণয়ন না করার বিষয়ে আমরা সরকারের সহযোগিতা চাই।’

দ্বিতীয় দাবির বিষয়ে তিনি বলেন, ‘ফটিকছড়িতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আদলে বা এর আওতায় আরও একটি বড় ও আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানাব। চট্টগ্রামের মানুষের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের জন্য এটি প্রয়োজন।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হেফাজতের অন্য নেতাদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তবে কর্মসূচির বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি বা সরকারের সঙ্গে হেফাজতে ইসলামের কোনো জোটের আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসলামাবাদী বলেন, ‘এটি কোনো জোটের আলোচনা নয়। মাদ্রাসা ও আলেম-ওলামাদের সঙ্গে সরকারের যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের জায়গা থেকে আলোচনা হবে। ভবিষ্যতের জন্য কীভাবে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘দেশ ও ইসলামের স্বার্থে আমরা সব সময় সরকারের সহযোগিতা করতে চাই। তবে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হলে আমরা তার প্রতিবাদ করব এবং প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তুলব।’

প্রধানমন্ত্রী ও হেফাজতে ইসলামের আমিরের এ সাক্ষাৎ দেশের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।




হেলিপ্যাড থেকে বাবুনগর মাদ্রাসা—নিরাপত্তার চাদরে পুরো এলাকা

হেলিপ্যাড থেকে বাবুনগর মাদ্রাসা—নিরাপত্তার চাদরে পুরো এলাকা
ছবি সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরকে ঘিরে পুরো এলাকায় জোরদার করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। হেলিপ্যাড থেকে বাবুনগর মাদ্রাসা পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সফরস্থল, সংযোগ সড়ক ও আশপাশের এলাকায় চলছে কঠোর নজরদারি।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরের সংশ্লিষ্ট সড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তায় আড়াই থেকে তিন হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরস্থল একাধিকবার পরিদর্শন করে নিরাপত্তার সার্বিক বিষয় পর্যালোচনা করেছেন।

ফটিকছড়ির পাইন্দংয়ের পেলাগাজী দিঘি হেলিপ্যাড থেকে বাবুনগর মাদ্রাসা পর্যন্ত সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চৌকি ও কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সফরপথের আশপাশে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল এলাকাগুলোতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ সড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন।

তবে জনসমাগম নিয়ন্ত্রণ এবং প্রধানমন্ত্রীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘প্রধানমন্ত্রীর চট্টগ্রামের কয়েকটি ভেন্যুতে সফর রয়েছে। সফর উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভেন্যু ও সড়ককেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে আড়াই থেকে তিন হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।’