পদ্ম গোখরার ছোবলে নিভে গেল ২১ মাস বয়সী শিশু আবদুল্লাহর প্রাণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বিষধর পদ্ম গোখরার ছোবলে আবদুল্লাহ (২১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশু আবদুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা খান বাহাদুর পাড়ার প্রবাসী ওসমান আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার পর ঘরের ভেতরে থাকা অবস্থায় হঠাৎ কান্নাকাটি শুরু করে আবদুল্লাহ। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি স্বাভাবিক মনে করলেও কিছুক্ষণের মধ্যেই একটি সাপকে সরে যেতে দেখেন। পরে শিশুটির বগলের নিচে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায় এবং সাপটির ছবি দেখে এটিকে বিষধর পদ্ম গোখরা হিসেবে শনাক্ত করা হয়।
শিশুটির চাচা তাহসিন জানান, ঘটনার পরপরই আবদুল্লাহকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগের পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অ্যান্টিভেনম প্রয়োগের পরও শিশুটিকে বাঁচাতে না পেরে গভীর শোক ও আক্ষেপ প্রকাশ করেছেন স্বজনরা।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মমিতা দাশ শিশুটিকে অ্যান্টিভেনম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ধোরলা খান বাহাদুর পাড়া ও আমুচিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










