পটিয়ায় ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন দপ্তরে এমপির অভিযোগ বাক্স

পটিয়ায় সাধারণ মানুষের ভোগান্তি, হয়রানি ও নানা সমস্যা সম্পর্কে জানতে ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর ও স্থানীয় বাজারে অভিযোগ বাক্স বসানোর উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
এসব বাক্সে অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ যুক্ত করতে হবে। প্রাথমিকভাবে উপজেলার বিভিন্ন স্থানে ৬০টি অভিযোগ বাক্স বসানো হবে।
জমা পড়া অভিযোগ এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের হাতে অভিযোগ বাক্সগুলো তুলে দেন এমপি এনামুল হক এনাম। বিতরণ শেষে উপজেলা নির্বাচন অফিসে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়।
উদ্যোগের বিষয়ে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হন। অনেকেই ভয়ে বা বিভিন্ন কারণে সরাসরি অভিযোগ জানাতে পারেন না। তাঁদের অভিযোগ সহজে ও নির্ভয়ে জানানোর সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের সমস্যা সমাধানে নিবিড়ভাবে কাজ করার জন্য নির্দেশনা রয়েছে। তারই অংশ হিসেবে সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ ও বাজারে অভিযোগ বাক্স স্থাপন করা হচ্ছে। প্রাথমিকভাবে ৬০টি বাক্স বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বাক্সে জমা পড়া অভিযোগ যাচাই-বাছাই করে এক সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কিছু সংবেদনশীল ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।”
অভিযোগ বাক্স বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, পৌরসভা বিএনপি নেতা মিজানুর রহমান ও আবদুল মান্নান, যুবদল নেতা কাজী আরিফ উল্লাহ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওবাদুল হক রিকু প্রমুখ।
পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে।











