পটিয়ার শ্রীমতি খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পটিয়ায় শ্রীমতি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১৫ নম্বর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীমতি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রীমতি খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় আশপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় জমান।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং তিনি কীভাবে শ্রীমতি খালে এলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, শ্রীমতি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।











