নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে উদ্ধার হওয়া ২২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে উদ্ধার হওয়া ২২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে উদ্ধার হওয়া ২২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত ২২ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৪০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মাদক একটি নীরব ঘাতক, যা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সামাজিক অবক্ষয় ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। মাদকের ভয়াবহ বিস্তার দেশের সামগ্রিক মানবসম্পদের ব্যবহার ও মানোন্নয়নের ক্ষেত্রগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষায় সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ (আইস), হিরোইন ও গাঁজাসহ সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী নির্দেশনা বাস্তবায়নে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে সর্বোচ্চ আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে তারা।

বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দিকনির্দেশনা, কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর এবং রামু সেক্টর সদর দপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই মাদকবিরোধী অভিযানসমূহ পরিচালিত হয়ে আসছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার প্রতিরোধের ক্ষেত্রে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে অন্যান্য যেকোনো সময়ের চেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিওপিসমূহ গত ১৪ আগস্ট ২০২৫ থেকে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭ লাখ ৪৩ হাজার ৫৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দকৃত এসব মাদকদ্রব্য গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশেষভাবে উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) গত এক বছরে সর্বমোট ৭৩ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৭৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ৪৪ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে।

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ-মিয়ানমার স্পর্শকাতর সীমান্ত এলাকা দিয়ে মাদক অনুপ্রবেশ প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) প্রতিজ্ঞাবদ্ধ এবং জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আগামী দিনগুলোতে মাদকবিরোধী অভিযানে সকলের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টা কামনা করেছেন—

লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির

পরিচালক ও অধিনায়ক

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।




লামায় গ্রিন হিলের উদ্যোগে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

লামায় গ্রিন হিলের উদ্যোগে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলার লামা পৌরসভার হরিণঝিরি পাড়ায় বন্যা-দুর্গত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রিন হিলের উদ্যোগে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে ১৪২ জন সাধারণ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি ২২ জন গর্ভবতী মা-কে দেওয়া হয় মাতৃস্বাস্থ্যসেবা।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) লামা পৌরসভার হরিণঝিরি পাড়ায় দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক সহযোগিতা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহযোগিতায় ক্যাম্পটির আয়োজন করে গ্রিন হিল।

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে “Strengthening Maternity and Child Health Services Delivery for the Marginalized Community in Bandarban through Green Hill – Emergency Response” শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো বন্যা-দুর্গত, দুর্গম ও স্বাস্থ্যসেবাবঞ্চিত এলাকার মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

স্বাস্থ্য ক্যাম্পে সাধারণ ও অন্যান্য রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি গর্ভবতী মায়েদের মাতৃস্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মা ও শিশুর সুস্বাস্থ্য রক্ষা এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ক্যাম্পে উপস্থিত থেকে লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএইচএফপি) ডা. বাপ্পি মারমা সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ ছাড়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় দাশ, পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) শামশুন নাহার লিপি এবং পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) চম্পা রানী রুদ্র স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নেন।

ক্যাম্পে এসএমসিএইচএসডি প্রকল্পের প্রোগ্রাম অফিসারসহ পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় পর্যায়ে এ ধরনের বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প আয়োজনের ফলে দুর্গম ও বন্যা-দুর্গত এলাকার মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে গর্ভবতী মায়েদের মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, গ্রিন হিলের এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে লামা উপজেলার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে। পাশাপাশি মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাস এবং দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম কার্যকর অবদান রাখবে।




লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংসতার স্মরণে লামায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংসতার স্মরণে লামায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
ছবি সংগৃহীত।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার নৃশংসতা ও রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ এবং উক্ত নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (​২৮ অক্টোবর) বাদে আসর লামা উপজেলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

​বিক্ষোভ সমাবেশে “২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার নজিরবিহীন ফ্যাসিস্ট আওয়ামী তাণ্ডব ও নৃসংশতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের দাবি জানান বক্তারা।
​সমাবেশে বক্তারা আরো বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক জঘন্যতম ও কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে। সেদিন প্রকাশ্যে লগি-বৈঠার মাধ্যমে যে তাণ্ডব ও নৃশংসতা চালানো হয়েছিল, তার সাথে জড়িত খুনি ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ।​এ সময় আরও উপস্থিত ছিলেন,​কাজী ইব্রাহীম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখা।​

​সমাবেশ শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের আন্দোলনে নিহত শহিদদের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।




বিজিবির উদ্যোগে ‘সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্ট’-এর বিজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা

বিজিবির উদ্যোগে ‘সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্ট’-এর বিজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা
ছবি সংগৃহীত।

বান্দরবানের পাহাড়ি অঞ্চলে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধন সুদৃঢ় করতে বিজিবির ভূমিকার প্রশংসা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার শক্তিশালী মাধ্যম। নারী ফুটবলারদের সাফল্যকে সম্মান জানিয়ে বিজিবি যে সংবর্ধনার আয়োজন করেছে, তা খেলোয়াড়দের অনুপ্রাণিত করার পাশাপাশি পাহাড়ের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বান্দরবানের থানচিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) আয়োজিত ‘সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্ট’-এর বিজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী সাচিংপ্রু জেরী বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান নারী খেলোয়াড় রয়েছেন। সুযোগ, প্রশিক্ষণ ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে তাঁরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন। এ ক্ষেত্রে খেলাধুলার পরিবেশ তৈরি, তরুণ প্রজন্মকে উৎসাহিত করা এবং নারী খেলোয়াড়দের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিবির এ ধরনের উদ্যোগ পাহাড়ের তরুণ-তরুণীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খেলাধুলার মাধ্যমে ভেদাভেদ ভুলে একে অপরের কাছাকাছি আসার সুযোগ তৈরি হয়। নারী ফুটবলারদের এই অর্জন পাহাড়ের অন্যান্য মেয়েকেও খেলাধুলায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রুবায়াত জামিল, বলিপাড়া জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল এবং থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও সার্বিক আয়োজনে বিজিবির পক্ষ থেকে নারী ফুটবলারদের অর্জনকে স্বীকৃতি দেওয়া হয়। বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে তাঁদের ক্রীড়ানৈপুণ্যের প্রশংসা এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগানো হয়। এ ধরনের আয়োজন পাহাড়ি জনপদে নারী খেলাধুলার বিকাশ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মেজর জাকির হোসেন।

স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, নারী খেলোয়াড়দের স্বীকৃতি এবং পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিজিবির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ তৈরি হলে পাহাড়ের তরুণ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।