দুর্গোৎসবে তারেক রহমানের পক্ষে চাতুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এড. নুরুল কবির রানার উপহার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চট্টগ্রামের আনোয়ারার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রায় ৩ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করবে চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদল নেতা এডভোকেট নুরুল কবির রানা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় এলাকায় প্রথম ধাপে ৯০০ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এসব বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন এডভোকেট নুরুল কবির রানা।
জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চাতরী ইউনিয়নের কৈনপুরা, কেঁয়াগড়, সিংহরা, চাতরী নাথ পাড়ায় প্রায় তিন হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পর্যায়ক্রমে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে। পূজার আনন্দ সবার মধ্যে ভাগ করে নেওয়া এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্টদের সহযোগিতায় এসব বস্ত্র বিতরণ করা হবে।
এডভোকেট নুরুল কবির রানা বলেন, ‘দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানেরও প্রতীক। উৎসবের আনন্দ যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি মণ্ডপে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে।’









