দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিনজনের প্রাণহানি

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই সহোদরসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও তাঁর ছোট ভাই ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তাঁরা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বংশাল এলাকার হায়দার আলী সিপাহীর বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে। অপর নিহত সিয়াম (১৯) মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব মেখলের মৌলভী আবদুল হামিদ বাড়ির মোহাম্মদ ওসমানের ভাতিজা ও শফিউল আজমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আজও সারাদিন থেমে থেমে হালকা বৃষ্টি হওয়ায় মহাসড়ক পিচ্ছিল হয়ে ওঠে। এ সময় তুষার তাঁর আপন ছোট ভাইকে নিয়ে হাটহাজারী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রবাসী ইফতেখার মাহমুদ তুষার মারা যান। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গুরুতর আহত ইমতিয়াজ মাহমুদ ইরাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামকেও মৃত ঘোষণা করা হয়।
নিহত দুই ভাইসহ তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। জানা গেছে, নিহত ইফতেখার মাহমুদ তুষার প্রবাসী ছিলেন এবং এক কন্যাসন্তানের জনক।
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো ও চালকদের অসতর্কতাকে এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করছেন স্থানীয়রা। এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি মহাসড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন সচেতন মহল।
ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম এ প্রতিবেদককে জানান, তাঁর ইউনিয়নের বংশাল এলাকার আপন দুই সহোদর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বলে তিনি শুনেছেন। এ ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে নাজিরহাট হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের এসআই মোস্তাফিজ এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থলেই ইফতেখার মাহমুদ তুষার মারা যান এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











