থানচিতে পাহাড়ে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়ায় ‘পাহাড়ে নারীর অধিকার ও মর্যাদা: চ্যালেঞ্জ, বাস্তবতা ও উত্তরণের পথ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় বলিপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
কিংডম অব দ্য নেদারল্যান্ডস ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে ‘সোচ্চার প্রকল্পের’ উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ বছরের কর্মসূচির প্রতিপাদ্য ছিল“ UNITE to End Violence Against Women and Girls: Ensure Justice, Protect Survivors, End Impunity” অর্থাৎ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করা।
সভায় সভাপতিত্ব করেন, বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) উপ নির্বাহী পরিচালক উবানু মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য, পাড়াপ্রধান (কারবারি), বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং নারীর কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় পাহাড়ি জনপদে নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক পর্যায়ে নারী নির্যাতনের বাস্তবতা, বাল্যবিবাহ, নারীর প্রতি বৈষম্য এবং নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজের নেতৃত্ব, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, আইনি সহায়তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা শুধু আইন প্রণয়নের মাধ্যমে সম্ভব নয়; এ জন্য প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি এবং অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার নারীরা যাতে নির্ভয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন, সে জন্য স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। সভায় অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি, নির্যাতনের ঘটনা গোপন না রেখে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভাটি পাহাড়ি জনপদে নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে বিবেচিত হয়।









