ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জেলা প্রশাসকের

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সামান্য অবহেলার কারণে যেন মানুষের জীবন বিপর্যয়ের মুখে না পড়ে, সে বিষয়ে প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় আমরা বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। গত ২৭ অক্টোবর চট্টগ্রাম জেলায় একদিনে এক লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা দিয়েছেন, সেই লক্ষ্য অর্জনে জেলা প্রশাসন, বন বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর কাজ করে যাচ্ছে। দেশকে সত্যিকার অর্থে বসবাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
শনিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং বোয়ালখালী পৌরসভার জমাদারহাট বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশিন প্রত্যাশা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু আকতার এবং বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।
এ সময় সাংবাদিক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









