টেকনাফে কলেজ শিক্ষার্থী শফি উল্লাহ হত্যার পরই উন্মুক্ত হল ঘরের রাস্তা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

টেকনাফে কলেজ শিক্ষার্থী শফি উল্লাহ হত্যার পরই উন্মুক্ত হল ঘরের রাস্তা

টেকনাফে কলেজ শিক্ষার্থী শফি উল্লাহ হত্যার পরই উন্মুক্ত হল ঘরের রাস্তা
ছবি সংগৃহীত।

টেকনাফের সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়ার বাসিন্দা মুক্তার আহমদের ছেলে হ্নীলার মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী শফি উল্লাহ শফি। যিনি গত ৪ জুলাই বিকালে প্রতিপক্ষের হামলায় নিহত হন। শুধুমাত্র বসত ঘরের চলাচলের রাস্তাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে প্রাণ দিয়ে হয়েছে এই কলেজ শিক্ষার্থীকে। দীর্ঘদিন ধরে সৃষ্ট বিরোধ, আদালতে মামলা, একাধিক বার থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেও প্রভাবশালী চক্রের হাতে বন্ধ ছিল রাস্তাটি। অথচ শফি উল্লাহ হত্যার পর সেই রাস্তাটি উন্মুক্ত করে দিয়েছে প্রভাবশালীরা।
আর এর মধ্যে প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ে থাকা মামলার এজাহারভূক্ত আসামিদের অব্যাহত হুমকির কারণে টেকনাফ ছেড়ে ঢাকায় পালিয়ে আত্মগোপনে রয়েছে মামলার বাদি এবং নিহতের ভাই বিদেশ ফেরত ছিদ্দিক আহমদ।
তিনি প্রতিবেদকে ঢাকায় অবস্থান করার কথা স্বীকার করেছেন। তার অভিযোগ, মামলার এজাহারভূক্ত প্রধান আসামি জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশনের সাবরাং ইউনিয়ন সভাপতি ইসমাইল, ৫ নম্বর অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন। মামলাটির এজাহারভূক্ত মোট ১০ জন আসামি রয়েছে। অপর ৮ জনই এই দুইটি পরিবারের সদস্য। যে মামলায় ৭ নম্বর আসামি ইলিয়াসকে পুলিশ গ্রেফতার করলেও অপর ৯ আসামি এখন দলীয় পরিচয়ে প্রকাশ্যে ঘুরছেন। বিশেষ করে  শ্রমিক কল্যান ফেডারেশনের সাবরাং ইউনিয়ন সভাপতি ইসমাইল ও ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন প্রকাশ্যে ঘুরে বাদিকে নানাভাবে হুমকি দিচ্ছেন।
ছিদ্দিক আহমদ জানান, দীর্ঘ ৮ বছর ধরে বাড়ির চলাচলের রাস্তাটি দখলের চেষ্টা করে আসছিল স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কামাল আহমদ ও সাবরাং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল। সর্বশেষ গত এপ্রিল মাসে রাস্তাটি দখল করে ব্ন্ধ করে দেয়া হয়। এ বিষয়টি স্থানীয়ভাবে বেশ কয়েকবার মিমাংসার চেষ্টাও করা হয়। এব্যাপারে আদালতে একটি মামলা করা হলে সেই মামলার তদন্তে পুলিশ পৌঁছানোর আগেই ৪ জুলাই শফি উল্লাহ শফিসহ তার পরিবারের সদস্যের ওপর জামায়াত নেতা ইসমাইল ও বিএনপি নেতা কামালের নেতৃত্বে হামলা চালায়। সেই হামলায় শফি উল্লাহ শফি গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর ওই চলাচলের রাস্তাটি এখন উন্মুক্ত করে দিয়েছে প্রভাবশালীরা।
অথচ এই চলাচলের রাস্তাটি নিয়ে একাধিক অভিযোগের নথিপত্র প্রতিবেদকের হাতে এসেছে। যেখানে দেখা গেছে, গত ১৬ জুন ছিদ্দিক আহমদের স্ত্রী সেলিনা আক্তার সেলি বাদি হয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। যেখানে একই অভিযুক্তদের বিরুদ্ধে   চাঁদা দাবিতে ঘরের চলাচলের রাস্তা দখল করে বন্ধ করার অভিযোগ আনা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য টেকনাফ থানাকে নিদের্শ দেন। এর পর থেকে শুরু হয় অভিযুক্তদের ধারাবাহিক হুমকি। যার জের ধরে ২১ জুন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সেলিনা আক্তার সেলি লিখিত আবেদন করেন। ওই আবেদনটিতেও অভিযুক্তদের বিরুদ্ধে বিদেশ থেকে আসা প্রবাসি স্বামী সহ পরিবারের স্বজনদের হুমকি অভিযোগ আনা হয়। এরপর ৩০ জুন ছিদ্দিক আহমদ বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি করেন টেকনাফ থানায়। যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।
সেলিনা আক্তার সেলি জানান, আদালতে দায়ের করা মামলাটির তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় ছিল ৪ জুলাই বিকালে। এর জন্য সকলের ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা হামলা চালায়। এতে মারা যান শফি উল্লাহ। তার মৃত্যুর পর রাস্তাটি নিজেরা ছেড়ে দিয়েছেন।
মামলার বাদি নিহতের ভাই বিদেশ ফেরত ছিদ্দিক আহমেদ বলেন, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমার পরিচয় আমি একজন রেমিট্যান্স যোদ্ধা। রেমিট্যান্স দিয়ে দেশের রাজস্বে ভূমিকা রাখি। কিন্তু, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাকে অসহায় করেছে। ভাইকে হত্যার পর তারা আমাদের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয় রাতের আঁধারে। আমার ভাইকে একটা রাস্তার জন্য, অধিকারের জন্য জীবন দিতে হলো। এটা কেমন সমাজ, কতটা নিকৃষ্ট মানুষ হলে তারা এসব করতে পারে।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি আমার পরিবারের আস্থা আছে। তাই মামলা দায়ের করেছি। কিন্তু এই মামলা থেকে কামাল ও ইসমাইলকে বাদ দেওয়ার জন্য এবং আমি ও আমার পরিবারকে নিশ্চিহ্ন করতে নতুন করে আবারও হত্যার পরিকল্পনা করছে তারা। ফলে আমাকে দীর্ঘদিন পর দেশে এসেও পালিয়ে থাকতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি সরকারের কাছে আমার পরিবারের সকল সদস্যদের নিরাপত্তা চাই।
তিনি বলেন, সরকার দলীয় পরিচয়ের বাইরে প্রকৃত খুনের সাথে জড়িত জামায়াত নেতা ইসমাইল ও বিএনপি নেতা কামাল গং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবেন।
এদিকে কামাল উদ্দিনকে হত্যা মামলা থেকে বাদ দিতে টাকার মিশন নিয়ে নেমেছে একটি পক্ষ এমন অভিযোগও করেন বাদি।
এ ব্যাপারে টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পরপরই ৭ নম্বর আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এব্যাপারে তিনি বাদির সহযোগিতা চেয়েছেন।




বন্যার্তদের পাশে ছওয়াব: চকরিয়ায় ৬০৫ ও বাঁশখালীতে ২০০ পরিবার পেল জরুরি খাদ্যসহায়তা

বন্যার্তদের পাশে ছওয়াব: চকরিয়ায় ৬০৫ ও বাঁশখালীতে ২০০ পরিবার পেল জরুরি খাদ্যসহায়তা
ছবি সংগৃহীত।

বন্যা ও পানিবন্দী মানুষের দুর্ভোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে ছওয়াব (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ)। দেশি ও বিদেশি দাতা সংস্থার অর্থায়নে কক্সবাজারের চকরিয়া ও বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত ও অসহায় মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, হাইজিন কিট, পোশাক, জুতা, ব্যাগ ও শিশুদের খেলনাসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে সংস্থাটি।

গত ২৪ জুলাই ২০২৬ তারিখে বন্যা শেষ হওয়ার পরপরই চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যাদুর্গত ও পানিবন্দী ৬০৫টি পরিবারের মাঝে ৬০৫টি জরুরি ফুড প্যাক বিতরণ করা হয়। প্রতিটি ফুড প্যাকে প্রায় ২২ কেজি খাদ্যসামগ্রী ছিল। এর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৪ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ প্যাকেট বিস্কুট ও ১ কেজি মুড়ি।

ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহীন দেলোয়ার।

এ ছাড়া ছওয়াবের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্লা, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মাহমুদ ভূঁইয়া, কক্সবাজার সহকারী জেলা সমন্বয়ক আতাউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জরুরি খাদ্যসহায়তার পাশাপাশি চকরিয়া উপজেলার কৈয়ারবিল, ফাঁসিয়াখালী, হারবাংসহ বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৪ হাজার পরিবারের মাঝে দুই কনটেইনার ইনকাইন্ড গিফট হিসেবে প্রাপ্ত বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন ধরনের পোশাক, জুতা, ব্যাগ, হাইজিন কিট এবং শিশুদের খেলনা।

অন্যদিকে, বাঁশখালী উপজেলার আচ্ছাফিয়াপাড়া ও জালিয়াপাড়া এলাকায় ছওয়াব দলের উপস্থিতিতে এবং স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় ২০০ পরিবারের মাঝে ২০০টি ফুড প্যাক ও ১০০টি হাইজিন কিট বিতরণ করা হয়।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা ছওয়াবের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, বন্যার কারণে ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেক পরিবার খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছে। এমন কঠিন সময়ে ছওয়াবের পক্ষ থেকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন।

উপকারভোগীরা আরও বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ছওয়াব যেন আরও বৃহৎ পরিসরে বন্যা ও অন্যান্য দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে পারে, তাঁরা এমন প্রত্যাশা জানান।

স্থানীয় ব্যক্তিরাও ছওয়াবের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের সময়ে সরকারি-বেসরকারি ও স্থানীয় উদ্যোগের সমন্বিত প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্রুততম সময়ে দুর্গত মানুষের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ছওয়াবের উদ্যোগ প্রশংসনীয়।

ছওয়াবের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি সময়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া ছওয়াবের অন্যতম অঙ্গীকার। মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার কার্যক্রম অব্যাহত রাখবে সংস্থাটি।




চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ২; উপজেলা ছাত্রদলের শোক

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ২; উপজেলা ছাত্রদলের শোক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশনের শাহপুরা এলাকায় বদরখালী-চিরিঙ্গা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মিজান উদ্দিন চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডের মরহুম নুরুল ইসলাম সওদাগরের ছেলে। তিনি চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজান উদ্দিনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্পার তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজান উদ্দিনের মৃত্যু হয়। আহত দুজন হলেন—চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মমতাজ মিয়ার ছেলে মিসকাত এবং দক্ষিণ বুড়িপুকুর এলাকার নুরুল ইসলামের ছেলে তামিম। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রদল নেতা মোহাম্মদ মিজান উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




অবৈধ বালু পরিবহনে সড়কের বেহাল দশা, গাড়ি চলাচল বন্ধ ও সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

অবৈধ বালু পরিবহনে সড়কের বেহাল দশা, গাড়ি চলাচল বন্ধ ও সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন
ছবি সংগৃহীত।

অবৈধভাবে পাহাড় ও সমতল কেটে বালু-মাটি উত্তোলন এবং তা পরিবহনের কারণে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী মুসলিমনগর এলাকার সড়কগুলোর বেহাল দশা হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, নারী, বয়োবৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বালুবাহী ভারী যানবাহন চলাচলের কারণে সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীরা নিয়মিত স্কুল-মাদ্রাসায় যেতে পারছে না। সাধারণ মানুষও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। এমনকি কোনো নারী অন্তঃসত্ত্বা হলে তাকে হাসপাতালে নিতে কাঁধে করে বহন করতে হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এদিকে অবৈধভাবে পাহাড় ও সমতল কেটে বালু উত্তোলন ও পরিবহনের প্রতিবাদ করলে স্থানীয়দের ওপর হামলার অভিযোগও তুলেছেন এলাকাবাসী। এতে ক্ষোভ আরও বাড়ছে বলে জানান তারা।

সড়ক দ্রুত সংস্কার, অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধ এবং বালুবাহী ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার (৯ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী মুসলিমনগর এলাকায় আয়োজিত মানববন্ধনে অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন এবং অবিলম্বে বালু পরিবহন বন্ধ করে সড়ক সংস্কারের দাবি জানান।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় ও সমতল কেটে বালু-মাটি উত্তোলন করা হচ্ছে। এসব বালু-মাটি ভারী যানবাহনে করে পরিবহনের কারণে এলাকার সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তারা অবৈধ বালু-মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা খসরুল আমিন বলেন, "আমার আওতাধীন কোনো জায়গাতে বালু উত্তোলন হচ্ছে না।"

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, "এসব বালু-মাটি লুটের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।"