জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বান্দরবানের এপেক্স ক্লাব অব সাঙ্গু

জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবানের এপেক্স ক্লাব অব সাঙ্গু। ‘অ্যাপেক্স বাংলাদেশ ন্যাশনাল ইন্টার ক্লাব ডিবেট কম্পিটিশন-২০২৬’-এ দেশের বিভিন্ন জেলার প্রতিদ্বন্দ্বী দলকে পেছনে ফেলে জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে ক্লাবটি।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার গুলশান-২ এলাকার বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাছাইপর্বে উত্তীর্ণ দলগুলো অংশ নেয়। ঢাকা, খুলনা, রংপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের দলগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এতে যুক্তি, তথ্যনির্ভর বক্তব্য ও উপস্থাপনার দক্ষতায় এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে ডিস্ট্রিক্ট-৩-এর অন্তর্ভুক্ত এপেক্স ক্লাব অব সাঙ্গু, বান্দরবান।
বিজয়ী দলের সদস্যরা হলেন দলনেতা অ্যাপেক্সিয়ান মিজানুর রহমান মিলটন, প্রথম বক্তা অ্যাপেক্সিয়ান সুজন দে এবং দ্বিতীয় বক্তা অ্যাপেক্সিয়ান মো. ইয়াছিন আরাফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমান এবং সদ্য বিদায়ী ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না। প্রতিযোগিতায় সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন ন্যাশনাল ইয়ুথ অ্যান্ড সিটিজেনশিপ ডিরেক্টর অ্যাপেক্সিয়ান মুস্তফা মো. নুরুল মতিন (সৈকত)।
বিজয়ী দলের দ্বিতীয় বক্তা অ্যাপেক্সিয়ান মো. ইয়াছিন আরাফাত বলেন, “সারা দেশের সেরা বিতর্ক দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পর্যায়ে এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এটি শুধু আমাদের দলের সাফল্য নয়, এপেক্স ক্লাব অব সাঙ্গু, ডিস্ট্রিক্ট-৩ এবং পুরো বান্দরবানবাসীর অর্জন। আমরা বস্তুনিষ্ঠ তথ্য, যুক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের বক্তব্য উপস্থাপনের চেষ্টা করেছি। এই অর্জন ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
প্রধান অতিথি অ্যাপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান নাসিম আহমেদ বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, যুক্তিনির্ভর ও সচেতন সমাজ গঠনে বিতর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণদের চিন্তাশক্তি, নেতৃত্বগুণ ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশে অ্যাপেক্স বাংলাদেশ এ ধরনের জাতীয় আয়োজন অব্যাহত রাখবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।
এপেক্স ক্লাব অব সাঙ্গুর এ সাফল্যে বান্দরবানের তরুণদের মেধা ও সাংগঠনিক দক্ষতা জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। জাতীয় পর্যায়ের এ অর্জনে স্থানীয় অ্যাপেক্সিয়ানদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।









