জনভোগান্তি দূর করতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

এলএআরএমএস পাইলটিং কার্যক্রম উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মীর হেলাল

জনভোগান্তি দূর করতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

জনভোগান্তি দূর করতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
ছবি সংগৃহীত।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ‘ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেম’ (এলএআরএমএস) এর পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এ সময় তিনি বলেন, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, অনিয়ম এবং জনভোগান্তি দূর করতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় তৈরি ‘এলএআরএমএস’ সফটওয়্যারটি চালু হওয়ার ফলে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত আবেদন, যাচাই-বাছাই, ক্ষতিপূরণ নির্ধারণ ও অর্থ পরিশোধের প্রতিটি ধাপ সম্পূর্ণ স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রাথমিকভাবে কক্সবাজার ও সিলেট জেলায় এই সিস্টেমের পাইলটিং কার্যক্রম শুরু করা হলো। এই দুই জেলার অভিজ্ঞতা ও কারিগরি ফলাফল বিশ্লেষণ করে খুব শীঘ্রই সারাদেশে এই সিস্টেমটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জমির প্রকৃত মালিকগণ কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা হয়রানি ছাড়াই ঘরে বসেই অনলাইনে তাঁদের ন্যায্য ক্ষতিপূরণের অর্থ ও সেবার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী বলেন, আমাদের প্রচলিত ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনায় অটোমেশন পদ্ধতি এতোদিন না থাকায় ভূমির মালিক ও দাপ্তরিক কার্যক্রমে নানা ভোগান্তির শিকার হতে হতো। তিনি বলেন, অটোমেশন পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই নির্ভুলভাবে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। তিনি বলেন, আপাতত পাইলটিং কার্যক্রমের মাধ্যমে কক্সবাজার ও সিলেট জেলায় ভূমি অধিগ্রহণ ও ভূমি হুকুম দখল ব্যবস্থাপনায় অটোমেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে, পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশে অটোমেশন ব্যবস্থা কার্যকর করা হবে।
জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ পারভেজ হাসান।
অনুষ্ঠানে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ দল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ১৬ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ১৬ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ছবি সংগৃহীত।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলার ১৬ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ ৪১ জন কুরআনের পাখিকে দেওয়া হয়েছে ইয়েস কার্ড, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট।

পুরস্কার বিতরণ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) বাদ মাগরিব বদর মোকাম মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদর মোকাম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী। তিনি হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজনের জন্য কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ ক্বারী শাহ তাসনিমুল হাসান জুনাইদ।

ফাউন্ডেশনের জেলা সভাপতি ও কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাসেমীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, বদর মোকাম মসজিদ কমিটির সদস্যর ও সমাজসেবক আদনান সাউদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক ইমাম খাইর।

ফাউন্ডেশন এর সহ-সভাপতি হাফেজ মাওলানা এডভোকেট রিদওয়ানুল কাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা আলী হায়দার, সাধারণ সম্পাদক হাফেজ রমজান আলী, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার সাকি, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মিজবাহ উদ্দিনসহ জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা-এই চার গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ১২০টি হিফয মাদরাসা থেকে ইয়েস কার্ডপ্রাপ্ত তিনশ ছাত্র জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য ‘ইয়েস কার্ড’ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৪১ জন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী হাফেজে কুরআনদের হাতে পুরস্কার নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।  

দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভাগীয় সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ তালুকদারের নেতৃত্বে বিজ্ঞ বিচারকগণ দায়িত্ব পালন করেন। তাছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

কুরআনের এই প্রতিযোগিতা ঘিরে সকাল থেকে বদর মোকাম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কুরআনের এই প্রতিযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অভিভাবকবৃন্দ।




নীলাদ্রি লেকে আনন্দ-উচ্ছ্বাসে রামু প্রেসক্লাবের বনভোজন

নীলাদ্রি লেকে আনন্দ-উচ্ছ্বাসে রামু প্রেসক্লাবের বনভোজন
ছবি সংগৃহীত।

পাহাড়, বন আর লেকের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে আনন্দ-উচ্ছ্বাস, গান, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনে ব্যতিক্রমী এক দিন কাটিয়েছেন রামু প্রেসক্লাবের সাংবাদিকেরা। পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজীখোলা এলাকার নয়নাভিরাম নীলাদ্রি লেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয় রামু প্রেসক্লাবের বার্ষিক বনভোজন। এতে রামুতে কর্মরত সাংবাদিকসহ প্রেসক্লাবের ৩০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সকালে রামু চৌমুহনী স্টেশন থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নীলাদ্রি লেকের উদ্দেশে যাত্রা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। যাত্রাপথে গ্রামীণ জনপদ, নদী ও রাবার বাগানের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তাঁরা। পথে কয়েকটি স্থানে যাত্রাবিরতি ও ফটোসেশনে অংশ নেন সাংবাদিকেরা।

নীলাদ্রি লেকে পৌঁছালে বনভোজনে অংশগ্রহণকারীদের স্বাগত জানান ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে লেকের পাড়ে জমে ওঠে প্রাণবন্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন সাংবাদিক খালেদ হোসেন টাপু, মিজানুল হক ও সোয়েব সাঈদ। পাশাপাশি লেকের স্বচ্ছ পানিতে সাঁতার কেটে আনন্দে মেতে ওঠেন ক্লাবের সদস্যরা।

গহিন বনাঞ্চলবেষ্টিত নীলাদ্রি লেকে মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় নাগরিক ব্যস্ততা ও প্রযুক্তির কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পান সাংবাদিকেরা। গান, আড্ডা, খেলাধুলা ও হাসি-আনন্দে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডা ও আলোচনা পর্বে বক্তব্য দেন—রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, বনভোজন আয়োজক কমিটির উপদেষ্টা জাফর আলম জুয়েল ও এম আবদুল্লাহ আল মামুন, আহ্বায়ক জহির উদ্দিন খন্দকার, যুগ্ম আহ্বায়ক হামিদুল হক, সদস্যসচিব কামাল শিশির, সদস্য এম এইচ আরমান ও মোহাম্মদ আবদুল্লাহসহ ক্লাবের অন্যান্য সদস্য।

বনভোজনে অংশগ্রহণ করেন রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহসভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খন্দকার, অর্থ সম্পাদক আবুল কাশেম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল শিশির, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এইচ আরমান, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, নির্বাহী সদস্য জাফর আলম জুয়েল এবং সদস্য মিজানুল হক, কায়েদ আলম কায়সার, এইচ এম জয়নাল আবেদিন, জাবেদুল আনোয়ার, মোহাম্মদ মোবারক, নুরুল আমিন ও মোহাম্মদ ইলিয়াছ।

এছাড়া কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রিজন বড়ুয়া, উচ্ছ্বাস বড়ুয়া, মামুনুর রশিদ, আরিফুল হক ও শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।

প্রতিদিনের কর্মব্যস্ততা ও সংবাদ সংগ্রহের প্রতিযোগিতার বাইরে এ বনভোজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে। বনভোজনের খাবারসহ সার্বিক আয়োজন ব্যক্তিগত উদ্যোগে করেন ঈদগড়ের সাংবাদিকেরা। প্রিয় সহকর্মীদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার অনন্য নিদর্শন হয়ে ওঠে তাঁদের এ উদ্যোগ।

বিকেলে ফেরার পথে ঈদগড় বাজারে সাংবাদিকদের সম্মানে চা-চক্রের আয়োজন করেন ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন। আনন্দঘন এ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় রামু প্রেসক্লাবের সাংবাদিকদের দিনব্যাপী বনভোজন।




রামুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

রামুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার রামু চৌমুহনী স্টেশন বাজার ও চেরাংঘাটা বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে লেবেল ও মূল্য উল্লেখ না থাকা এবং অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রামু উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিল রামু থানা-পুলিশের একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।