চকরিয়ায় কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপনের ঘোষণা আব্দুল্লাহ আল ফারুকের
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

চকরিয়ায় কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপনের ঘোষণা আব্দুল্লাহ আল ফারুকের

চকরিয়ায় কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপনের ঘোষণা আব্দুল্লাহ আল ফারুকের
ছবি সংগৃহীত।

নির্বাচিত হলে চকরিয়ায় কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপন এবং প্রতিহিংসামুক্ত জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাকারা মাঝেরফাঁড়ি স্টেশনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী বলেন, “চকরিয়া ও পেকুয়া উপজেলার অর্থনীতি কৃষিনির্ভর। এখানকার কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সারা বছর সংরক্ষণের সুবিধার্থে আমরা হিমাগার স্থাপন করব।” অতীতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে হয়রানির সমালোচনা করে তিনি আরও বলেন, “আমরা প্রতিহিংসা কিংবা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই।”

কাকারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। বক্তারা চকরিয়া-পেকুয়ার উন্নয়ন এবং কৃষকদের স্বার্থরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ছাবের আহমেদ ফারুকী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হোছাইনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য দেন। পথসভাটি সঞ্চালনা করেন কাকারা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক কামরুল হাসান।




চক্রিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, ঘাতক স্বামী গ্রেপ্তার

চক্রিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, ঘাতক স্বামী গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চক্রিয়ায় পারিবারিক কলহের জেরে রুমা আক্তার নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মানিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার স্থানীয় বাসিন্দা বাহাদুরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে স্বামী মানিক তাঁর স্ত্রী রুমা আক্তারকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করে।

এদিকে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




অনুমোদন নাটকীয়তা শেষ, ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে এমভি বার আউলিয়া

অনুমোদন নাটকীয়তা শেষ, ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে এমভি বার আউলিয়া
ছবি সংগৃহীত।

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে জাহাজ চলাচল নিয়ে প্রতিবছর চলে নানা নাটকীয়তা। অনুমোদন পেতে পর্যটন ব্যবসায়ীদের আবেদন আদালত পর্যন্ত গড়াতে হয়। স্থানীয় প্রশাসনের কাছে দেনদরবারে ভোগান্তির অন্তত থাকে না। ১ নভেম্বর জাহাজ চলাচলের কথা থাকলেও মেলেনি অনুমোদন। অবশেষে ধোঁয়াশা কেটেছে। অনিশ্চয়তা ও নাটকীয়তার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় এমভি বার আউলিয়া জাহাজটি শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। সমুদ্রপথে প্রবাল দ্বীপে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা।

অনুমতি পাওয়া বাকি দুইটি জাহাজ 
এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ শুক্রবার থেকে চলাচল করার কথা রয়েছে।

বিলম্বে হলেও সেন্টমার্টিনগামী জাহাজ অনুমোদন পাওয়ায় পর্যটন খাতের জন্য ইতিবাচক মন্তব্য করলেন পর্যটনের স্বেচ্ছাসেবী সংগঠন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সাধারণ সম্পাদক আকতার নূর।

জেলা প্রশাসক মোহাম্মদ আ. মান্নান জানান, আগে থেকে টিকিট সংগ্রহ করা অনেক পর্যটকের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।

সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, ১ নভেম্বর থেকেই সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরুর কথা ছিল। তবে প্রশাসনিক অনুমোদন, নৌযানের চলাচলের ছাড়পত্র এবং পরিবেশগত শর্ত পূরণ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে জাহাজ চলাচল শুরু করা যায়নি। পরে নৌপরিবহন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও কক্সবাজার জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ায় সেই বাধা কাটে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, এবার পর্যটন মৌসুমে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে তিনটি জাহাজ। তবে প্রথম দিনে যাত্রা শুরু করেছে বার আউলিয়া জাহাজটি। পর্যটক পরিবহনের সুযোগ সীমিত থাকলেও জাহাজ চলাচল শুরু হওয়ায় আশাবাদী পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সবার প্রত্যাশা, ধীরে ধীরে স্বাভাবিক হবে দ্বীপকেন্দ্রিক পর্যটন কার্যক্রম।

তিনি বলেন, মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাত্রা হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় এবার পাঁচ দিন পিছিয়ে ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে জাহাজ চলাচল। যাত্রার আগে অগ্নিনিরাপত্তাসহ জাহাজের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে প্রশাসন।

সুত্র মতে, এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ-এই তিনটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০, এমভি কর্ণফুলির ৭৩২ এবং এমভি টেকনাফের ৭১৬ জন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বারো আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার থেকে ছেড়ে দ্বীপ থেকে ফিরবে বেলা আড়াইটায়। এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে ফিরবে দুপুর ২টা ১৫ মিনিটে। আর এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে বিকেল সাড়ে ৩টায় দ্বীপ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবে। তিনটি জাহাজই নুনিয়ারছড়া ঘাট থেকে যাত্রী পরিবহন করবে।

সরকারের সংশোধিত নির্দেশনা অনুযায়ী, আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকবে। এ সময় দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন পর্যটকেরা। তবে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটককে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
ভ্রমণের ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করেছে সরকার। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। পাশাপাশি সংগ্রহ করতে হবে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট।

নির্দেশনা অনুযায়ী, রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি কিংবা বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও নিষিদ্ধ।
এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্র বলছে, প্রথম দিন একটি জাহাজ চলাচল করলেও পর্যায়ক্রমে যুক্ত হবে অনুমোদন পাওয়া অন্য জাহাজগুলো।

দীর্ঘ বিরতির পর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিনের পর্যটননির্ভর ব্যবসায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন টুয়াক সভাপতি আনোয়ার কামাল।

পর্যটক বাড়লে দ্বীপের হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, স্থানীয় পরিবহনসহ বিভিন্ন সেবামূলক খাতে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এতে পর্যটননির্ভর স্থানীয় বাসিন্দারাও উপকৃত হবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্টদের মতে, সেন্টমার্টিনের পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমান গুরুত্ব দিতে হবে। পর্যটন কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা ও বিধিনিষেধ বাস্তবায়ন নিশ্চিত করা না গেলে অতিরিক্ত পর্যটকের চাপ দ্বীপটির পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দীর্ঘমেয়াদি হুমকি হয়ে উঠতে পারে।




রামুতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বর্জ্য অপসারণ অভিযান উদ্বোধন করলেন এমপি কাজল

রামুতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বর্জ্য অপসারণ অভিযান উদ্বোধন করলেন এমপি কাজল
ছবি সংগৃহীত।

‘সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন রামু গড়ে তুলি’—এ স্লোগানকে সামনে রেখে আজ ৫ নভেম্বর রামু চৌমুহনী স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে বর্জ্য অপসারণ অভিযান উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ (রামু-কক্সবাজার-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

এ সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু এবং ফতেখাঁরকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ার এই উদ্যোগকে স্থানীয় প্রতিনিধি ও সাধারণ মানুষ স্বাগত জানান। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার জন্য স্থানীয়রা সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।