চকরিয়ায় আদালত ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

চকরিয়ায় আদালত ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা

চকরিয়ায় আদালত ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবরদখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি জবরদখল এবং স্থায়ী স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র জানায়, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফতেহআলী সিকদারপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে আরমান উদ্দিন সোহাগ, নুরুদিনের ইন্ধনে এবং মৃত আজিজুর রহমানের স্ত্রী জয়নাব বেগমসহ ৮-১০ জনের একটি চক্র জোরপূর্বক জবরদখল ও সন্ত্রাসী কায়দায় জমির মালিকানা দাবি করে আসছে।

এ বিষয়ে ভুক্তভোগী কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী এলাকার মো. নুরুল আলম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (শিক্ষা ও আইসিটি, কক্সবাজার) একটি ফৌজদারি মামলা (এম. আর. মামলা নম্বর- ১৭৮/২০২৬ ইংরেজি) দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে গত ০৩/১১/২০২৬ তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নালিশি জমিতে প্রবেশ বা স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার নির্দেশ দেন।

পাশাপাশি চকরিয়া উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নির্দেশ প্রদান করা হয়।

তবে অভিযোগ উঠেছে, আদালতের এই আদেশ ও প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাদমান পক্ষ আইন অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রেখেছে। ১৬ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এই চিত্র দেখা যায়। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের অবৈধ জবরদখল ও স্থাপনা নির্মাণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ।

তবে অভিযুক্ত আরমান উদ্দীনের পরিবার অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর। খবর পেয়ে ঘটনাস্থলে চকরিয়া থানা পুলিশের একটি দল পাঠানো হয়েছে।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় আলিম কৃতি সংবর্ধনা

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় আলিম কৃতি সংবর্ধনা
ছবি সংগৃহীত।

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় আলিম পরীক্ষা-২০২৬ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
১৭ নভেম্বর সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান। 
তিনি তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আলিম পরীক্ষা-২০২৬ এর ফলাফলে প্রতিষ্ঠানটি কক্সবাজার জেলায় শীর্ষস্থান অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
প্রতিষ্ঠানের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নতি ও অগ্রগতি কামনা করেন প্রধান অতিথি। 
অনুষ্ঠানে কৃতী ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়।
অধ্যক্ষ মোহাম্মদ শফিউল হক জিহাদির সভাপতিতেত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার উদ্দীন হেলালী। 
তিনি ছাত্রীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষা, স্বপ্নপূরণ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আখতার উদ্দিন হেলালী বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে লক্ষ্য স্থির করে অধ্যবসায়, সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে। 
পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান আইনজীবী সমিতির এই নেতা।
অধ্যাপক মুহাম্মদ ফরিদুল আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি নুর আহমদ আনোয়ারী। 
তিনি বলেন, প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর প্রায় দেড় বছরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রীদের অভিনন্দন জানিয়ে তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, ছাত্রীদের জন্য আরও উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং দক্ষ প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ মোহাম্মদ শাকিল। তিনি আলিম পরীক্ষা-২০২৬ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের এ সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে ছাত্রীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। 
পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, পাঠদানে আরও আন্তরিকতা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা ভবিষ্যতে শিক্ষা ও ফলাফলের ক্ষেত্রে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রী অভিভাবক কাজী ক্বারী মোহাম্মদ ছাইফুল্লাহ, মাদ্রাসার গভর্নিং বডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদুল আলম, সহকারী অধ্যাপক জেবুন্নেছা চৌধুরী, সহকারী অধ্যাপক মুহাম্মদ মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম এবং প্রভাষক সাইয়িদুল হকসহ অন্যান্য শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে কৃতী ছাত্রীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি উচ্চশিক্ষায় নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখার আহ্বান জানান। শিক্ষাক্ষেত্রে ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার এ সাফল্য কক্সবাজারের নারী শিক্ষার অগ্রযাত্রায় একটি ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁরা ছাত্রীদের নৈতিক শিক্ষা, আত্মবিশ্বাস, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার পরামর্শ দেন। অনুষ্ঠানে আলিম পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রীদের অতিথিদের হাত থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষায় উৎসাহিত করবে। অতিথিদের হাত থেকে ক্রেস্ট গ্রহণের মুহূর্তে ছাত্রীদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁরা ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা আরও সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

দুদকের মামলায় কক্সবাজারের সাবেক এডিসি জাফর আলম কারাগারে, ডিসি রুহুল আমিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দুদকের মামলায় কক্সবাজারের সাবেক এডিসি জাফর আলম কারাগারে, ডিসি রুহুল আমিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ছবি সংগৃহীত।

কক্সবাজারের বহুল আলোচিত মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগগঠন করে বিচার শুরু হয়। তাদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।
১৫ জন আসামির বিরুদ্ধে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আগামি ৩০ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার আদালতে ১৫ জন আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ ৫ জন উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও সাবেক ডিসি মো.রুহুল আমিনসহ ১০ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
মামলার নথি মতে, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে এক হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা। সেখান থেকে নানা কৌশলে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়।
ওই ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন।
দুদক তদন্ত শেষে ৩৬ জনের জড়িত থাকার প্রমাণ পায়। ২০১৭ সালে ৩ এপ্রিল ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।




কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়
ছবি সংগৃহীত।

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল-২০২৬ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সিবিআইইউ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোকতার আহমেদ।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নত ক্যারিয়ার গঠনের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হয়েছো। তোমাদের নিয়ে মা-বাবার অনেক স্বপ্ন লুকিয়ে আছে।

তিনি বলেন, ভালো ফলাফলের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী হওয়া আবশ্যক। ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষা ও নিয়মনীতি মেনে চলতে হবে।

প্রক্টর এড. মোহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর আরো বলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জেলাবাসীর জন্য বিরাট সম্পদ। শিক্ষা-দীক্ষাসহ সার্বিক বিষয়ের উন্নয়নে শিক্ষার্থীদের যে কোন পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের সর্বশ্রেষ্ঠ একটি উচ্চ শিক্ষাঙ্গণে পরিচিত লাভ করবে মনে করেন ভিসি।

সহকারী প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ ও ট্রেজারার প্রফেসর ড. বেলার নূর আজিজী।

বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ নিয়ম কানুন ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন রেজিস্ট্রার রাজিদুল হক। এর আগে তিনি রেজিস্ট্রার অফিস ও প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবাগত শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।

৬ বিভাগে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিবৃন্দ তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক গোলাম মওলা।

অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আদিল ইলাহী, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান তাওসীপ আহমেদ, হসপিটালিটি এন্ড ট্যুরিজম বিভাগের কো-অর্ডিনেটর আদিতা বড়ুয়া ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর আনানদীপ বড়ুয়া নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্ব-স্ব বিভাগের শিক্ষকদের পরিচয় করিয়ে দেন।