খান ফাউন্ডেশন ও পালস বাংলাদেশের ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মতবিনিময়
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

খান ফাউন্ডেশন ও পালস বাংলাদেশের ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মতবিনিময়

খান ফাউন্ডেশন ও পালস বাংলাদেশের ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মতবিনিময়
ছবি সংগৃহীত।

খান ফাউন্ডেশন ও পালস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত- ‘ভয়েসেস ফর চেইঞ্জ’ প্রকল্পের চলমান কার্যক্রম, অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ ও পারস্পরিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর দুপুরে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম, সাফল্য এবং সমাজে সৃষ্ট ইতিবাচক পরিবর্তনসমূহ গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে বৃহত্তর জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পালস বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্রকল্পের অগগ্রতি উপস্থাপনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো: আবু ছালাম।

সহযোগিতায় ছিলেন, প্রকল্প কর্মকর্তা শামীমা ইয়াসমীন ও বেদানা খাতুন।

অনুষ্ঠানে উপস্থাপনার মাধ্যমে ভয়েসেস ফর চেইঞ্জ প্রকল্পের সামগ্রিক চিত্র তুলে ধরার পাশাপাশি প্রকল্পের লক্ষ্য অর্জনে গণমাধ্যমের ভূমিকা, সহযোগিতা ও অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে উপস্থিত সাংবাদিকদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়।

এতে উল্লেখ করা হয়, তৃণমূল পর্যায়ে নাগরিক অধিকার, সুরক্ষা, যুব ও কমিউনিটি সম্পৃক্ততা এবং স্থানীয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বৃদ্ধিতে প্রকল্পটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। আগামী দিনগুলোতে এই কার্যক্রমকে আরও বিস্তৃত ও টেকসই করার ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও সভায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে কক্সবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থার প্রধানগণ মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে সকল সমস্যার সম্মুখীন হয় তা উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন। গণমাধ্যমকর্মীরা প্রকল্পের কার্যক্রমকে আরও কার্যকর, দৃশ্যমান ও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন।

তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ের সাফল্যের গল্প, মানবিক পরিবর্তন এবং জনসচেতনতামূলক বার্তাগুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে উঠে এলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত ও অনুপ্রাণিত হবে। এছাড়া নিয়মিত তথ্য আদান-প্রদান, যৌথ ক্যাম্পেইন এবং মাঠপর্যায়ের অগ্রগতি তুলে ধরতে প্রকল্প ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যে কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি বলেন, “সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে তৃণমূল মানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করা জরুরি। ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্প কক্সবাজারে নাগরিক অধিকার ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রশংসনীয় কাজ করছে। মাঠপর্যায়ের সাফল্য ও চ্যালেঞ্জগুলো গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে উঠে এলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বাড়বে। প্রকল্পের লক্ষ্য অর্জনে কক্সবাজারের গণমাধ্যমকর্মীরা সবসময় সহযোগী হিসেবে পাশে থাকবে। ” উল্লেখ্যযে, প্রকল্পটি আর্থিক সহযোগীতা করেন, সুইস ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং নাগরিকতা-জিএফএ' এর কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, উইমেন্স চেম্বার সভাপতি, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থার প্রধান ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।




চকরিয়ায় ডাকাত সরদার আলোচিত তৌহিদ গ্রেপ্তার

চকরিয়ায় ডাকাত সরদার আলোচিত তৌহিদ গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে হত্যা, ডাকাতি, ধর্ষণ, চুরি ও মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার আসামি তৌহিদকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা-পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে গ্রেপ্তারের পর অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, তৌহিদ দীর্ঘদিন ধরে গরু চুরি এবং প্রবাসীদের বাড়িঘর ও সড়কে ডাকাতির ঘটনায় জড়িত। এলাকায় তিনি ডাকাত দলের সরদার হিসেবেও পরিচিত। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, তৌহিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার অপরাধের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। স্থানীয়দের মতে, তৌহিদ গ্রেপ্তার হওয়ায় এলাকায় চুরি ও ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

এলাকাবাসীর আরও অভিযোগ, নবী হোসেনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকা তৌহিদ অল্প সময়ে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এসব সম্পদের উৎস তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তৌহিদকে গ্রেপ্তারের পর অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে পুলিশের তদন্ত ও আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




রামুতে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

রামুতে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে পাহাড়ের ওপর অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে রামু উপজেলার উখিয়ার ঘোনা এলাকার তচ্ছাখালী স্থানে এ অভিযান চালানো হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নির্দেশনায় একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পাহাড়ের ওপর থেকে পরিত্যক্ত বা মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) বাংলাদেশের সর্বদক্ষিণের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে ব্যাটালিয়নটি।




রামুতে অরক্ষিত রেলক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান নিয়োগের দাবিতে স্মারকলিপি

রামুতে অরক্ষিত রেলক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান নিয়োগের দাবিতে স্মারকলিপি
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইন্দা ও রাজারকুল সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে জরুরি ভিত্তিতে ব্যারিয়ার স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় দক্ষিণ মিঠাছড়ির সর্বদলীয় নেতাদের উপস্থিতিতে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।

সম্প্রতি ওই অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনের প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ব্যারিয়ার স্থাপন ও সার্বক্ষণিক গেটম্যান নিয়োগের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।