কক্সবাজার পৌরসভায় আলোর নীচে অন্ধকার, ৩১ শতাংশ সড়কবাতি অকেজো

পর্যটন নগরী কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থাপিত ৭২৪টি সড়কবাতির মধ্যে ২২৩টিই নষ্ট হয়ে রয়েছে। অর্থাৎ মোট সড়কবাতির প্রায় ৩১ শতাংশ অকার্যকর। এতে শহরের বিভিন্ন সড়ক ও পর্যটন এলাকার রাতের আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্যমতে, শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকার বাতির হিসাব পর্যালোচনায় দেখা গেছে, ৫০১টি বাতি সচল থাকলেও ২২৩টি বাতি নষ্ট রয়েছে।
কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিজিবি ক্যাম্প, ঘুনগাছতলা হয়ে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত সড়কে মোট ১৬৯টি বাতির মধ্যে ১৪৪টি সচল। ২৫টি নষ্ট।
অন্যদিকে, বাস টার্মিনাল থেকে কলাতলী বিচ পর্যন্ত সড়কে স্থাপিত ২০৫টি বাতির মধ্যে ১৪০টি সচল এবং ৬৫টি নষ্ট।
পুলিশ সুপারের কার্যালয় থেকে কলাতলী ডলফিন মোড় পর্যন্ত ১১৭টি বাতির মধ্যে ১০২টি সচল থাকলেও ১৫টি অকার্যকর রয়েছে।
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন সড়ক সুগন্ধা বিচ থেকে লাবণী বিচ, জাম্বুরি মোড়, হলিডে মোড় হয়ে ঘুনগাছতলা পর্যন্ত এলাকার চিত্র আরও উদ্বেগজনক। এ পথে মোট ২০৫টি সড়কবাতির মধ্যে ১০১টি সচল এবং ১০৪টি নষ্ট রয়েছে। অর্থাৎ এ অংশে অর্ধেকেরও বেশি সড়কবাতি অকার্যকর।
এ ছাড়া জলিলের দোকান থেকে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম হয়ে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত সড়কে ১৪টি বাতি সচল রয়েছে। তবে সড়কের বিপরীত পাশে আলো নিশ্চিত করতে আরও ১৪টি বাতি স্থাপনের অপেক্ষায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সড়কবাতির এ পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ১০৪টি বাতি নষ্ট রয়েছে সুগন্ধা-লাবণী বিচ ও সংলগ্ন সড়ক এলাকায়। এরপর সদর বাস টার্মিনাল থেকে কলাতলী বিচ সড়কে ৬৫টি বাতি অকার্যকর।
পর্যটননির্ভর কক্সবাজার শহরে সড়কবাতি শুধু সৌন্দর্যবর্ধনের বিষয় নয়; রাতের যানবাহন চলাচল, পথচারীদের নিরাপত্তা এবং পর্যটকদের নির্বিঘ্ন চলাচলের সঙ্গেও এর সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষ করে সমুদ্রসৈকতসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিপুলসংখ্যক বাতি নষ্ট থাকায় রাতের বেলায় চলাচলে ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি বাড়তে পারে।
এ অবস্থায় নষ্ট সড়কবাতিগুলো দ্রুত মেরামত ও প্রয়োজনীয় স্থানে নতুন বাতি স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, সড়কবাতি নষ্ট থাকার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। তবে নানা কারণে এ সমস্যা সৃষ্টি হয়ে থাকে। একই খুঁটিতে একাধিক ধরনের সার্ভিস লাইন থাকা, বিদ্যুতের লোডশেডিং ও ভোল্টেজের ওঠানামা এর অন্যতম কারণ। এ ছাড়া নির্জন স্থানের খুঁটিতে স্থাপিত বাতি লক্ষ্য করে কিছু দুষ্কৃতকারী ঢিল ছুড়ে লাইট নষ্ট করে। কোথাও কোথাও বৈদ্যুতিক তার ও বাল্ব চুরির ঘটনাও ঘটে। এসব কারণে সড়কবাতি সচল রাখা কঠিন হয়ে পড়ে।








