কক্সবাজার পর্যটন কার্নিভাল উপলক্ষে গাছ কাটার প্রমাণ পায়নি পরিদর্শক দল
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

কক্সবাজার পর্যটন কার্নিভাল উপলক্ষে গাছ কাটার প্রমাণ পায়নি পরিদর্শক দল

কক্সবাজার পর্যটন কার্নিভাল উপলক্ষে গাছ কাটার প্রমাণ পায়নি পরিদর্শক দল
ছবি সংগৃহীত।

কক্সবাজার সমুদ্রপাড়ে পর্যটন কার্নিভাল আয়োজন ঘিরে চলছে নানা সমালোচনা। ইতোমধ্যে প্রকৃতির সবুজ বেষ্টনী ঝাউগাছ কেটে কার্নিভাল আয়োজন হচ্ছে, এমন অভিযোগ তুলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপাসহ নানা সামাজিক সংগঠন প্রতিবাদ জানিয়েছে। মানববন্ধন, সমাবেশ করেছে। 

এসব অভিযোগ আমলে নিয়ে সরেজমিন কার্নিভাল স্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, সিভিল এভিয়েশন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশের একটি দল।

বুধবার (১৮ নভেম্বর) সকালে তারা পর্যটন কার্নিভালের স্থানের চারপাশ ঘুরে দেখেন। কথা বলেছেন আয়োজকদের সঙ্গে। 

পরিদর্শনের পর সিভিল এভিয়েশনের এরোড্রাম কর্মকর্তা শিমুল গনী সাংবাদিকদের জানান, বিমান নামার সুবিধার্থে গাছের উপরি ও অতিরিক্ত অংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছাটা হয়েছে। নিয়মিত হয়ে আসা এই কাজটি কার্নিভাল আয়োজনের অনেক আগেই করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, পরিদর্শনকালে কার্নিভালের জন্য গাছ কাটার বিষয়ে যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া যায়নি । ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে কাটা গাছ যেগুলো আছে তা বিমান চলাচলের জন্য আগের কাটা গাছ, যা রুটিন ওয়ার্ক হিসেবে বিবেচিত। এসব গাছ বন বিভাগের হিসেবে সংরক্ষিত রয়েছে। পর্যটন কার্নিভালের কারণে এখানে কোনো গাছ কাটা হয়নি। তবে যেভাবে গাছ কাটার বিষয় প্রচার করা হচ্ছে তার বাস্তবতা এখানে নাই বলে জানান তিনি। তিনি আরো বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনের হাব হিসেবে গড়ে তুলতে কক্সবাজারকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। পর্যটন কার্নিভাল সুন্দর আয়োজনের জন্য ইতিমধ্যেই মিটিং হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষনে অন্যতম জায়গা হবে এই কার্নিভাল।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন খাঁন জানান, পর্যটন কর্পোরেশন নিজেদের জায়গায় তিনমাস ব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজন করেছে। আয়োজকরা ইসিএ আইন লংঘন করেনি এবং পরিবেশের কোন ক্ষতি করেনি।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান পরিদর্শন শেষে বলেন, কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি। কিছু গাছ ঝড়ে উপড়ে পড়েছিলো সেগুলো আমরা কেটে সংরক্ষণ করে বিক্রি করে রাজস্ব কোষাগারে জমা দিয়েছি। যে গাছগুলোর গুড়ি এখনো সেখানে আছে। পাশাপাশি বিমান চলাচলের জন্য গাছের উপরের কিছু অংশ সিভিল এভিয়েশন ট্রিমিং করেছে যা আমরা অবগত আছি। মুলত এখানে কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি। 

পরিদর্শন শেষে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির বলেছেন, কার্নিভালের জন্য গাছ কাটার প্রশ্নই আসেনা। পুরোনো কিছু গাছের গুড়ি দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে গাছ কেটেছে বলে কিন্ত বিষয়টি সত্য নয়। কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি এবং কাটা হবেওনা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জলপরীর এআই ছবি ছড়ানো হচ্ছে দাবি করে তিনি বলেন, কার্নিভালে জলপরীর ভাস্কর্য নেই অথচ অনেকে জলপরীর ভাস্কর্য আছে বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি কাউকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। 

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম কবীর, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) কাজী তারিকুর রহমান, পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক এহসানুল কবির, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা পর্যটন কার্নিভাল সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।




কক্সবাজার পৌরসভায় আলোর নীচে অন্ধকার, ৩১ শতাংশ সড়কবাতি অকেজো

কক্সবাজার পৌরসভায় আলোর নীচে অন্ধকার, ৩১ শতাংশ সড়কবাতি অকেজো
ছবি সংগৃহীত।

পর্যটন নগরী কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থাপিত ৭২৪টি সড়কবাতির মধ্যে ২২৩টিই নষ্ট হয়ে রয়েছে। অর্থাৎ মোট সড়কবাতির প্রায় ৩১ শতাংশ অকার্যকর। এতে শহরের বিভিন্ন সড়ক ও পর্যটন এলাকার রাতের আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যমতে, শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকার বাতির হিসাব পর্যালোচনায় দেখা গেছে, ৫০১টি বাতি সচল থাকলেও ২২৩টি বাতি নষ্ট রয়েছে।

কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিজিবি ক্যাম্প, ঘুনগাছতলা হয়ে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত সড়কে মোট ১৬৯টি বাতির মধ্যে ১৪৪টি সচল। ২৫টি নষ্ট।

অন্যদিকে, বাস টার্মিনাল থেকে কলাতলী বিচ পর্যন্ত সড়কে স্থাপিত ২০৫টি বাতির মধ্যে ১৪০টি সচল এবং ৬৫টি নষ্ট। 

পুলিশ সুপারের কার্যালয় থেকে কলাতলী ডলফিন মোড় পর্যন্ত ১১৭টি বাতির মধ্যে ১০২টি সচল থাকলেও ১৫টি অকার্যকর রয়েছে।
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন সড়ক সুগন্ধা বিচ থেকে লাবণী বিচ, জাম্বুরি মোড়, হলিডে মোড় হয়ে ঘুনগাছতলা পর্যন্ত এলাকার চিত্র আরও উদ্বেগজনক। এ পথে মোট ২০৫টি সড়কবাতির মধ্যে ১০১টি সচল এবং ১০৪টি নষ্ট রয়েছে। অর্থাৎ এ অংশে অর্ধেকেরও বেশি সড়কবাতি অকার্যকর।

এ ছাড়া জলিলের দোকান থেকে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম হয়ে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত সড়কে ১৪টি বাতি সচল রয়েছে। তবে সড়কের বিপরীত পাশে আলো নিশ্চিত করতে আরও ১৪টি বাতি স্থাপনের অপেক্ষায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সড়কবাতির এ পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ১০৪টি বাতি নষ্ট রয়েছে সুগন্ধা-লাবণী বিচ ও সংলগ্ন সড়ক এলাকায়। এরপর সদর বাস টার্মিনাল থেকে কলাতলী বিচ সড়কে ৬৫টি বাতি অকার্যকর।

পর্যটননির্ভর কক্সবাজার শহরে সড়কবাতি শুধু সৌন্দর্যবর্ধনের বিষয় নয়; রাতের যানবাহন চলাচল, পথচারীদের নিরাপত্তা এবং পর্যটকদের নির্বিঘ্ন চলাচলের সঙ্গেও এর সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষ করে সমুদ্রসৈকতসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিপুলসংখ্যক বাতি নষ্ট থাকায় রাতের বেলায় চলাচলে ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি বাড়তে পারে।

এ অবস্থায় নষ্ট সড়কবাতিগুলো দ্রুত মেরামত ও প্রয়োজনীয় স্থানে নতুন বাতি স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, সড়কবাতি নষ্ট থাকার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। তবে নানা কারণে এ সমস্যা সৃষ্টি হয়ে থাকে। একই খুঁটিতে একাধিক ধরনের সার্ভিস লাইন থাকা, বিদ্যুতের লোডশেডিং ও ভোল্টেজের ওঠানামা এর অন্যতম কারণ। এ ছাড়া নির্জন স্থানের খুঁটিতে স্থাপিত বাতি লক্ষ্য করে কিছু দুষ্কৃতকারী ঢিল ছুড়ে লাইট নষ্ট করে। কোথাও কোথাও বৈদ্যুতিক তার ও বাল্ব চুরির ঘটনাও ঘটে। এসব কারণে সড়কবাতি সচল রাখা কঠিন হয়ে পড়ে।
 




রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২

রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রামু থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম দিদারুল আলম। তিনি জাবেদ আলমের ছেলে এবং কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, দিদারুল আলম কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলায় (মামলা নম্বর-১১৪/১১) সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রামু থানার এসআই মোহাম্মদ আনোয়ার, এএসআই কোরবান আলী ও এএসআই বোরহান উদ্দিন দিদারুল আলমের বাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদারুল পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।




রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ গোলাম মোর্শিদ সরকারের যোগদান

রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ গোলাম মোর্শিদ সরকারের যোগদান
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমানকে ইনানী পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গোলাম মোর্শিদ সরকার।

জানা গেছে, গোলাম মোর্শিদ সরকার এর আগে ইনানী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বদলির আদেশের পর গতকাল মঙ্গলবার তিনি গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে যোগদান করেন।

অন্যদিকে, বিদায়ী ইনচার্জ আনিসুর রহমানের নতুন কর্মস্থল ইনানী পুলিশ ফাঁড়িতে দায়িত্বভার গ্রহণের কথা রয়েছে।