কক্সবাজারে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, সহিংসতা রোধে কঠোর বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও সহিংসতা রোধে ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় কক্সবাজার-৩ আসনের আওতাধীন কক্সবাজার সদর উপজেলায় ৬ প্লাটুন এবং ঈদগাঁও উপজেলায় ৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। বিজিবি অধিনায়ক দৃঢ়তার সঙ্গে বলেন, “নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে বিজিবি কঠোর অবস্থানে থাকবে। কোনো অপরাধীচক্রকেই ছাড় দেওয়া হবে না।”
নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। সদর উপজেলায় স্থাপন করা হয়েছে একটি বেস ক্যাম্প ও দুটি অস্থায়ী চেকপোস্ট। এ ছাড়া নিয়মিত তল্লাশিতে ডগ স্কোয়াড, বডি ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র পাচার রোধে বিওপিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি নাইট ভিশন গগলস ব্যবহার করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আরও জানান, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে।”









