উন্নয়ন আর সেবার প্রতিশ্রুতি নিয়ে জুঁইদণ্ডীর চেয়ারম্যান প্রার্থী ‘সুমন’-এর গণসংযোগ

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নানা উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল উদ্দিন সুমন। বর্তমানে তীব্র গতিতে চলছে তাঁর গণসংযোগ ও পথসভা।
নির্বাচন উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ বাজার, রাস্তার মোড় ও গ্রামগুলোতে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি স্থানীয় অধিবাসীদের সুখ-দুঃখের কথা শুনছেন। মানুষের সাথে এই আলোচনায় ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গণসংযোগ শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল উদ্দিন সুমন বলেন, “আমি এই এলাকারই সন্তান। আপনাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে যদি আপনারা আমাকে কাজের সুযোগ দেন, তবে এই অঞ্চলকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল এলাকা হিসেবে গড়ে তুলব।”
তিনি আরও বলেন, বিগত দিনে এই ইউনিয়নে তেমন কোনো উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে এলাকার অবহেলিত রাস্তাঘাট সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও তিনি আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক নেতা মোহাম্মদ আবু সালেহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুদ্দিন দস্তগীর, বিএনপি নেতা মোহাম্মদ জসিম, মোহাম্মদ সোহেল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা মোহাম্মদ জয়নাল, যুবদল নেতা মোহাম্মদ আবছার সিকদারসহ জুঁইদণ্ডী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।










