উখিয়ার শীর্ষ মাদককারবারি মুন্নাসহ ৪ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

বন্দুক উঁচিয়ে প্রকাশ্যে প্রতিপক্ষের দিকে গুলি ছুঁড়ছেন এক যুবক, তার পাশে কিরিচ হাতে ভয়ভীতি দেখাতে মহড়া দিচ্ছেন আরো দুইজন। এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল এই ভিডিওর ঘটনাটি ঘটে মায়ানমার সীমান্তের অদূরে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে। ওই যুবকরা প্রতিপক্ষের ওপর হামলা করার সময় ভিডিওটি ধারণ করা হয়। ঘটনার পরপরই ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আর এই ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ৪ জনকে গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ। ওই সময় উদ্ধার করা হয় ২টি অস্ত্র, ৪১ রাউন্ড গুলি, ১টি বন্দুকের ব্যারেল। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার বিকালে গুলিবর্ষণ ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ওই ঘটনা ঘটে।
ওসি আতিকুর রহমান বলেন, বুধবার বিকেলে মাদক ব্যবসা ও বটতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারী তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি সাখাওয়াত হোসেন মুন্নাকে শনাক্তের পর ঘটনায় উপস্থিত তার ৩ সহযোগী মিজান, আরফাত হোসেন ও আবু তাহেরসহ তাকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়।
বিজিবি-এসআরবির সহযোগিতায় অভিযানকালে ব্যবহৃত ২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জড়িত অন্যদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত আছে বলেও জানান ওসি।
ভিডিও দৃশ্য ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, কথিত জয়নাল বাহিনীর সদস্য মুন্না বন্দুক উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি করতে থাকেন। হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা। পরে বিজিবি-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বটতলী এলাকার বাসিন্দাদের তথ্যমতে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখা ও ইউপি সদস্য নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জয়নাল আবেদীনের আপন ভাগিনা মুন্না পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। জয়নাল আবেদীন ও আবুল ফয়েজ দুইজনই পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ২০২১ সালের নভেম্বরে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ সাখাওয়াত হোসেন মুন্না এসআরবির হাতে (তৎকালিন র্যাব) গ্রেপ্তার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে মাদক-মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে।
অন্যদিকে আবুল ফয়েজ সাংবাদিকদের বলেন, আমার জনপ্রিয়তা ও ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।
ঘটনার পর ফেসবুক লাইভ করে মুন্নার মামা জয়নাল দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে তার নাম জড়ানো হচ্ছে এবং তিনি ঘটনাস্থলে ছিলেন না।
ওসি আতিকুর রহমান জানান, গুলির ঘটনায় অস্ত্র এবং দ্রুত বিচার আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হবে।







