ঈদ উপলক্ষে থানচিতে বিজিবির মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া জোন (৩৮ বিজিবি) উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
শনিবার জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের নেতৃত্বে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বলিপাড়া ইসলামিয়া তানিমুল কুরআন এফতেদায়ি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জোন কমান্ডার শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা, শিক্ষাজীবনের অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নতি কামনা করেন। তিনি বলেন, শিশুদের কল্যাণ ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবি সবসময়ই সক্রিয় ভূমিকা রেখে আসছে।
মিষ্টি বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানায়। অনুষ্ঠানে বলিপাড়া জোনের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি-সহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিশেষে, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানবিক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।










