আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষির পাশে সেনাবাহিনী
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষির পাশে সেনাবাহিনী

আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষির পাশে সেনাবাহিনী
ছবি সংগৃহীত।

বান্দরবানের আলীকদম উপজেলায় জুম চাষ করতে গিয়ে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত দুজন ম্রো জুমচাষির চিকিৎসা ও আর্থিক সহায়তায় পাশে দাঁড়িয়েছে আলীকদম সেনা জোন।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খরচের জন্য এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

আহতরা হলেন— উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বলাইপাড়া এলাকার মৃত মেনরাই মুরোর ছেলে নিয়াচং মুরো (নিরাচং মুরো) এবং চংরাই মুরোর ছেলে নুরিইক মুরো।

জানা যায়, গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাইপাড়া এলাকায় জুম চাষ করার সময় বন্য শুকরের আক্রমণের শিকার হন তারা। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি জানার পরপরই মানবিক দৃষ্টিকোণ থেকে আহতদের সার্বিক খোঁজখবর নেওয়া শুরু করে আলীকদম সেনা জোন। তাদের উদ্যোগে চমেক হাসপাতালে আহতদের দ্রুত ভর্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে সেনা জোনের প্রতিনিধিরা চমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজিম ইকবালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, উন্নত চিকিৎসা পাওয়ায় আহত দুজনের শারীরিক অবস্থার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তবে তাদের মধ্যে একজনের হাতে হাড় ভেঙে যাওয়ায় (ফ্র্যাকচার) নিবিড় চিকিৎসা চলছে।

আলীকদম সেনা জোন জানায়, পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের যেকোনো বিপদে সেনাবাহিনী সবসময় পাশে আছে।




এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণ

এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণ
ছবি সংগৃহীত।

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-৩-এর অন্তর্ভুক্ত এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট (সনদ) প্রদান ও ম্রো শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় লামা প্রেসক্লাব কনফারেন্স রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এপেক্স বাংলাদেশের ১৪২ নম্বর ক্লাব হিসেবে এ চার্টার সার্টিফিকেট লাভ করে সংগঠনটি। বান্দরবান জেলার লামা উপজেলায় সমাজের মুক্তচিন্তার মানুষদের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২০২২ সালের ২৯ ডিসেম্বর ক্লাবটি গঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ স্বীকৃতিপ্রাপ্ত ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. তৈয়ব আলীর হাতে চার্টার সার্টিফিকেট তুলে দেন। এ সময় দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং পড়াশোনায় উৎসাহ দিতে জাতীয় সভাপতি নাসিম আহমেদের উদ্যোগে ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট মো. তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মো. আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপেক্সিয়ান মো. কামাল পাশা, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. লিয়াকত আলী এবং এনইএস এপেক্সিয়ান মোজাম্মেল হক।

অনুষ্ঠানে জাতীয় সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ এপেক্স ক্লাব অব লামার বোর্ড কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান এবং তাঁদের ২০২৬ বর্ষের জাতীয় সভাপতির লোগো সংবলিত পিন পরিয়ে দেন। এ সময় স্পন্সর ক্লাব 'এপেক্স ক্লাব অব চকরিয়ার' সাবেক সভাপতি এপেক্সিয়ান সাইদুল হক চৌধুরী নতুন ক্লাবটির ১১ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের জেলা-৩ গভর্নর এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহসিন, মো. আরাফাত চৌধুরী, লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, এপেক্স ক্লাব অব চকরিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাব্বত আলী, এপেক্স ক্লাব অব লামার ফাউন্ডার প্রেসিডেন্ট এম. বশিরুল আলম এবং এপেক্সিয়ান মো. সাইফুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ উন্নয়ন ও নেতৃত্বের বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এপেক্স ক্লাব অব লামার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।




নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, সিএনজি জব্দ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, সিএনজি জব্দ
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মনির আহমেদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর জিপি গেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক মনির আহমেদ কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।

১১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সবুজ রঙের ২০০ পিস এবং হলুদ রঙের ১৯ হাজার ৭৫০ পিসসহ মোট ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা এবং জব্দ করা সিএনজির মূল্য ৪ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তি ও জব্দ করা মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিত চলছে। সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ১১ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।




আলীকদমের দুর্গম সীমান্ত পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

আলীকদমের দুর্গম সীমান্ত পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
ছবি সংগৃহীত।

পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্তবর্তী পাহাড়ভাঙ্গা এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত মুরং সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন।

রবিবার (২২ নভেম্বর) উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পাহাড়ভাঙ্গা এলাকায় আলীকদম জোন অধিনায়কের নির্দেশনায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে একটি মেডিকেল টিম এই সেবা দেয়। ক্যাম্পে ১১৮ জন শিশু ও ১৩৫ জন নারীসহ বিভিন্ন বয়সের চার শতাধিক মানুষকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়দের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন অত্যন্ত দুর্গম পাহাড়ভাঙ্গা এলাকার আশপাশের প্রায় ১৫টি মুরং পাড়ায় ১,০০০ থেকে ১,২০০ মানুষের বসবাস। অনুন্নত যোগাযোগব্যবস্থা, আর্থিক অসচ্ছলতা এবং নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এখানকার বাসিন্দাদের নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য।

সম্প্রতি ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আলীকদম জোনের উদ্যোগে এলাকায় একটি নতুন সেনাক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্প স্থাপনের পর থেকেই স্থানীয়রা বিভিন্ন চিকিৎসা ও সহায়তার জন্য সেখানে আসতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় স্থানীয়দের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

দুর্গম পাহাড়ে চিকিৎসক ও ওষুধ পেয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, নতুন সেনাক্যাম্প স্থাপনের পর এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পাশাপাশি তাঁদের দীর্ঘদিনের চিকিৎসাসংক্রান্ত ভোগান্তিও কমতে শুরু করেছে।

আলীকদম জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।