আলীকদমে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে বান্দরবানের আলীকদমে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসা হলরুমে তথ্য অফিস, লামার উদ্যোগে জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চক্রবর্তী এবং আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আজহারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম রিমন জানান, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়িত হচ্ছে। এটি প্রাপ্তিতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার এবং সরকারি সেবা গ্রহণের জন্য সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাশেদ মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনসহ সঠিক কাগজপত্র দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। এছাড়া ভাতা জালিয়াতি এড়াতে মোবাইল ব্যাংকিংয়ের পিন বা পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করার বিষয়ে নারীদের সতর্ক করেন।
চিকিৎসা ও দুর্ঘটনাজনিত আর্থিক সহায়তা: সমাবেশে সরকারি বিভিন্ন কল্যাণমূলক অনুদানের তথ্য তুলে ধরা হয়। বলা হয়, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ, স্থায়ী পঙ্গুত্বে ৩ লাখ এবং আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। দুর্ঘটনা ঘটার ৩০ দিনের মধ্যে বিআরটিএ (BRTA) চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। এছাড়া ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোক, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এককালীন ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
সমাবেশে সরকার ঘোষিত কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, নারীদের বিশেষ পরিবহন, প্রবাসী কার্ড, স্বাস্থ্য কার্ড ও ইউনিয়নভিত্তিক খেলার মাঠসহ বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মধ্যস্বত্বভোগী বা দালালদের এড়িয়ে সরাসরি সরকারি দপ্তরে যোগাযোগ করার এবং কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান বক্তারা।
বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণে সমাবেশটি শেষ হয় উন্মুক্ত প্রশ্নোত্তরের মাধ্যমে, যেখানে উপস্থিতদের সরকারি সেবা সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়।











