আন্তর্জাতিক স্বীকৃতিতে স্বর্ণপদক পেলেন ফটিকছড়ির ডা. জাসেম

আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষা, উচ্চতর ডিগ্রি, গবেষণা ও পেশাগত দক্ষতায় অনন্য সাফল্যের স্বীকৃতি পেয়েছেন ফটিকছড়ির কৃতী সন্তান ডা. আব্দুল হামেদ জাসেম। চিকিৎসাশাস্ত্রে অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মানজনক ‘এসএন সামাদ গোল্ড মেডেল ২০২৬’ (SN Samad Gold Medal 2026) অর্জন করেছেন। রোববার (১৫ নভেম্বর ২০২৬) ঢাকায় আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তাঁর হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
ডা. আব্দুল হামেদ জাসেমের পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পশ্চিম হাইদচকিয়া গ্রামে। তাঁর বাবা মো. দেলোয়ার হোসেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে চিকিৎসাশাস্ত্রে তাঁর এই সাফল্য নিজ জন্মভূমি ফটিকছড়ির জন্যও গৌরব ও অনুপ্রেরণার বলে উল্লেখ করেছেন পাইন্দং ইউপি চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন। তিনি বলেন, ‘ডা. আব্দুল হামেদ জাসেম আমাদের গ্রামের গর্বিত সন্তান। আন্তর্জাতিক অঙ্গনে চিকিৎসাশাস্ত্রে তাঁর এই অসামান্য অর্জন ও স্বর্ণপদক লাভ আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তিনি শুধু নিজের পরিবার বা গ্রামের মুখ উজ্জ্বল করেননি, সমগ্র ফটিকছড়ির সম্মান বৃদ্ধি করেছেন। তাঁর মতো মেধাবী ও পরিশ্রমী তরুণদের হাত ধরেই আমাদের এলাকার নতুন প্রজন্ম উচ্চশিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।’
জানা গেছে, ২০২৬ সালের এমডি (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন) পরীক্ষার দুটি সেশনের সম্মিলিত ফলাফলে সর্বোচ্চ নম্বর অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এই স্বর্ণপদকের জন্য মনোনীত হন। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিয়া, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (বিএসএসিসিপিপি) আয়োজনে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তাঁকে এ পদক প্রদান করা হয়।
শিক্ষাজীবনের শুরুতে ডা. জাসেম ওমানের ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ থেকে ও-লেভেল ও এ-লেভেল সম্পন্ন করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং উচ্চতর চিকিৎসাশিক্ষায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) থেকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এমডি ডিগ্রি অর্জন করেন তিনি।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই চিকিৎসক। ২০২৫ সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিন (আরসিইএম) থেকে তিনি ‘মেম্বারশিপ অব দ্য রয়্যাল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিন’ (এমআরসিইএম) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ইউরোপিয়ান ডিপ্লোমা ইন ইনটেনসিভ কেয়ারের (ইডিআইসি) প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন। এ ছাড়া চিকিৎসাশাস্ত্রে তাঁর তিনটি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
বর্তমানে তিনি রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসিতে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) ডিপার্টমেন্ট অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (আইসিইউ) স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ইমার্জেন্সি মেডিসিন—চিকিৎসাবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি বিশেষায়িত শাখায় উচ্চতর পেশাগত যোগ্যতা অর্জনের মাধ্যমে তিনি নিজের কর্মক্ষেত্রে বিশেষ অবস্থান তৈরি করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে ডা. আব্দুল হামেদ জাসেম বলেন, ‘এই আন্তর্জাতিক স্বীকৃতি ও স্বর্ণপদক অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এ অর্জন আমাকে চিকিৎসাশাস্ত্রে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার এ অর্জনে যাঁরা সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’











