আনোয়ারায় ১১ ইউনিয়নে আ.লীগের মিছিল, উত্তেজনা

চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের সমর্থনে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থকরা এসব মিছিল করেন। এ সময় মিছিলকারীদের হাতে মশাল ও লগি-বইঠাসহ লাঠিসোঁটা দেখা যায়।
তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের পরপরই বিএনপির নেতাকর্মীদেরও পাল্টা মিছিল করতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টায় প্রথম মিছিল হয় উপজেলার রায়পুর ইউনিয়নে। এরপর হাইলধর, বরুমচড়া, বটতলী, বৈরাগ, বারখাইন ও বারশতসহ অন্যান্য ইউনিয়নে মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা সটকে পড়েন।
এদিকে মিছিলকে কেন্দ্র করে উপজেলার হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকটি দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা নাশকতার চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিএনপির নেতাকর্মীরাও মিছিল করেন। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’









