অনলাইনে জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার

অনলাইনে জুয়া ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে নিজের ছেলে অংচিংথোয়াই মারমাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তাঁর বাবা চাথোয়াইমং মারমা।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে বান্দরবান জেলা আদালত প্রাঙ্গণে নোটারি পাবলিক কার্যালয়ে আইনজীবী উমংসিং মারমার মাধ্যমে হলফনামার ভিত্তিতে এ ঘোষণা দেন তিনি।
হলফনামায় উল্লেখ করা হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই অংচিংথোয়াই মারমা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজনের সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া, বাজে সঙ্গ গ্রহণ, নেশাগ্রস্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া এবং জুয়া খেলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থ অপচয় করার ঘটনাও উল্লেখ করা হয়েছে।
হলফকারী বাবা জানান, ছেলেকে সৎপথে ফিরিয়ে আনতে তিনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বিভিন্ন সময় তাঁর কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া, চাহিদা পূরণ না করলে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং সম্পত্তি বিক্রির জন্য চাপ দেওয়ার অভিযোগও তোলা হয়েছে হলফনামায়। এসব কর্মকাণ্ডে বাধা দিলে তাঁকে হুমকি-ধমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
হলফনামায় আরও বলা হয়, অংচিংথোয়াই মারমা ভবিষ্যতে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন, এমনকি অজান্তে আইনগত জটিলতা সৃষ্টি করতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। তাই তাঁর কোনো কর্মকাণ্ডের দায়ভার বাবা বা পরিবারের অন্য সদস্যরা নেবেন না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বাবা চাথোয়াইমং মারমা জানান, নিজের ও পরিবারের মান-সম্মান এবং অন্য সন্তানদের ভবিষ্যৎ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।











