হেয়াঁকো বনানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর সেলিনা আকতার

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ঐতিহ্যবাহী হেয়াঁকো বনানী উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো একজন নারী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিনা আকতার। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদিত চার সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তাঁকে মনোনীত করা হয়েছে।
সেলিনা আকতার বর্তমানে নারায়নহাট ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে তাঁর এই দায়িত্বপ্রাপ্তি স্থানীয় শিক্ষা অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে।
১৬ জুলাই(বৃহস্পতিবার) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক আদেশে ছয় মাস মেয়াদি অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে বোর্ড মনোনীত সভাপতি হিসেবে প্রভাষক সেলিনা আকতারের নাম উল্লেখ করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি মো. তৌহিদুল আলম, অভিভাবক প্রতিনিধি জসিম উদ্দিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতেয়ার উদ্দিন বকুল সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সভাপতির দায়িত্ব গ্রহণ কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে নারীর অংশগ্রহণ ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তাঁদের বিশ্বাস, সেলিনা আকতারের নেতৃত্ব বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা ও নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে।
শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত এ অ্যাডহক কমিটির মেয়াদ অনুমোদনের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। তবে প্রচলিত বিধিমালা অনুযায়ী কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগসংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
শিক্ষা সংশ্লিষ্টরা বলেন, হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ে প্রথম নারী সভাপতি হিসেবে সেলিনা আকতারের দায়িত্ব গ্রহণ স্থানীয় শিক্ষা অঙ্গনে নারীর নেতৃত্বকে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।








