হালদা ভ্যালী চা বাগানের বিরুদ্ধে ভূমি দখল ও উচ্ছেদের অভিযোগে মানববন্ধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা ভ্যালী চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের আনন্দপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিল্পপতি নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালী চা বাগান কর্তৃপক্ষ সরকার থেকে লিজ নেওয়া জমির কথা উল্লেখ করে দীর্ঘদিন ধরে বন বিভাগের জমিতে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করছে। কয়েক দশক ধরে শতাধিক পরিবার ওই এলাকায় বসবাস করে আসছে। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ কার্যক্রম চালানো হলে তারা চরম মানবিক সংকটে পড়বেন।
বক্তারা বলেন, বাগান কর্তৃপক্ষ সরকার থেকে ১০৩৪ একর জমি লিজ নিলেও বর্তমানে প্রায় আড়াই হাজার একর জমি দখলে রেখেছে। পাশাপাশি সরকারি অর্থায়নে নির্মিত সড়কে গেট স্থাপন এবং দারোয়ান নিয়োগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের চলাচলে বাধা ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে কোনো ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হলে তারা তা প্রতিরোধ করবেন। একই সঙ্গে ভূমিহীন পরিবারগুলোর বসবাসের অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে সমাজপতি রুহুল আমিন সর্দার, মোহাম্মদ কামাল, সলিমুল্লাহ, রাকিব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে বাগানের ব্যবস্থাপক এম এ কাসেম কোনরূপ বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।








