হাটহাজারীতে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

হাটহাজারীতে একটি পুকুর থেকে বিবি আয়েশা (৭০) নামের ভিক্ষুক এক বৃদ্ধা মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ নোয়া পাড়ার পূর্ব পাশের ইটভাটা সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মনার বাড়ির মৃত আবু সামার স্ত্রীর।
জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে উল্লেখিত পুকুরটিতে এক মহিলার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। শারীরিকভাবে দুর্বল থাকায় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।








