হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

হাটহাজারী উপজেলায় পারিবারিক কলহের জেরে নাসরিন আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ৮ মে সকাল ১১টার দিকে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ওবায়দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ নাসরিন আক্তার ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি ওই এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী। প্রায় ৪ বছর আগে তাঁদের বিয়ে হয়।
নাসরিন আক্তারের বাবার বাড়ি পার্শ্ববর্তী রাউজান উপজেলার গহিরা এলাকায়। মৃত্যুর সময় তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
নিহতের মায়ের দাবি, শাশুড়ি ও ননদের মানসিক নির্যাতনের কারণে নাসরিন শ্বশুরবাড়িতে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।








