হাটহাজারীতে টিসিবির ৪ হাজার ১৫০ কেজি নিম্নমানের চাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিতরণে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে ৮৩ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (১৮ মে) হাটহাজারী পুরোনো পৌরসভা ভবনে টিসিবি পণ্য বিতরণ কেন্দ্রে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরোনো পৌরসভা ভবনে টিসিবির পণ্য বিতরণকালে সুবিধাভোগীদের নির্ধারিত চাল না দিয়ে অত্যন্ত নিম্নমানের চাল সরবরাহ করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা মেলে এবং দেখা যায় বিতরণকৃত চালের মান অত্যন্ত নিম্নমানের। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে ৪ হাজার ১৫০ কেজি ওজনের মোট ৮৩ বস্তা নিম্নমানের চাল জব্দ করা হয়।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, সরকারি সেবার পণ্য বিতরণে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী দেওয়া বরদাশত করা হবে না। নিম্নমানের চাল সরবরাহের সত্যতা পাওয়ায় ৮৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। জনসাধারণের অধিকার রক্ষায় এবং অনিয়ম রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








