হাটহাজারীতে ছোট ভাইকে খুনের অভিযোগে বড়ভাই গ্রেপ্তার
হাটহাজারী উপজেলায় বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে মোহাম্মদ আজম (৩৮) নামের এক দর্জিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটনায় হত্যাকাণ্ডের পর দ্রুত অভিযানে নেমে মাত্র ১০ ঘণ্টার মধ্যে মেখল ইউনিয়ন থেকে পলাতক মামলার এজাহারনামীয় আসামী ও নিহতের বড় ভাই মো. আলী আকবরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গড়দুয়ারা এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে মোহাম্মদ আজমের সাথে তার বড় ভাই আলী আকবরের বিরোধ চলছিল। আজ সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি জমিতে বৃষ্টির পানিতে জমে থাকা মাছ ধরতে যান আজম। এসময় তার সাথে তার মেয়েও ছিল। ওত পেতে থাকা স্থানীয় সন্ত্রাসী দিদার ও তার দলবল ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হঠাৎ আজমের ওপর হামলা চালায়। মেয়ের সামনেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা। নিহতের স্ত্রীর দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে আজমকে পথের কাঁটা সরাতে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ দিদারকে ১ লাখের বেশি টাকা সুপারি (চুক্তি) দিয়েছিলেন বড় ভাই আলী আকবর। বিষয়টি আজম আগেই টের পেয়েছিলেন এবং পরিবারকে জানিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী নিহতের মেয়ে জানায়, বাবার সাথে মাছ ধরতে গিয়েছিলাম। হঠাৎ দিদার তার লোকজনকে নিয়ে এসে বাবাকে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামী আলী আকবর গড়দুয়ারা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন। আমার নেতৃত্বে সেখানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।








