হাটহাজারীতে অস্ত্র তৈরির কারখানায় পুলিশের হানা: ৫টি দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক ২

হাটহাজারীতে অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম, পাঁচটি দেশীয় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে মডেল থানা-পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় কারখানা থেকে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মির্জাপুর ইউনিয়নের জামাল মিস্ত্রীর বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৪) এবং একই ওয়ার্ডের বরিশাল কলোনির মৃত আবদুল মালেকের ছেলে কবির (৩৮)। দুজনেই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন।
থানা সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের একটি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। অভিযানকালে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ অস্ত্র তৈরির সময় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের থানা হেফাজতে নিয়ে আসা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। শান্তির নীড় হাটহাজারীকে অশান্ত করতে তারা অস্ত্র তৈরি করছিল বলে স্থানীয় জনগণ দাবি করে।
এ ধরনের সফল অভিযানে হাটহাজারীর জনগণের কাছে পুলিশ বাহিনীর বিশ্বস্ততা বেড়েছে এবং সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী মোহাম্মদ তারেক আজিজসহ পুলিশের টিম।
উক্ত অভিযানে সার্কেলের সঙ্গে থানার কর্মকর্তা এবং সিভিল টিমের পুলিশ সদস্য এসআই আশিক, এএসআই ইমরান, কনস্টেবল খাজা অচি উদ্দিন ও কনস্টেবল আবু রায়হানসহ রাত্রিকালীন মোবাইল ডিউটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “মির্জাপুর ইউনিয়নে অস্ত্র তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ৫টি দেশীয় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”











