সীতাকুণ্ডে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান
সীতাকুণ্ডে খুচরা সার বিক্রেতাদের অনুমোদিত কার্ড বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তার নিকট তারা এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ সীতাকুণ্ড কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, মোল্লা হেলাল উদ্দিন, কামাল হোসেন, মহিউদ্দিন, পলাশ ও সোহেলসহ আরও অনেকে।
স্মারকলিপি প্রদানকালে সভাপতি জসিম উদ্দিন মানিক বলেন, খুচরা সার বিক্রেতারা সবসময় কৃষকের সুখ-দুঃখে পাশে ছিল। দেশের কৃষিকে বাঁচিয়ে রাখতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। অথচ সম্প্রতি নতুন নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের কার্ড বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অযৌক্তিক ও কৃষিবান্ধব নয়। এই সিদ্ধান্তে ব্যবসায়ী ও কৃষক উভয়েই মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
তিনি আরও বলেন, কৃষকের স্বার্থে বর্তমান নীতিমালা পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি।











