সাতকানিয়ায় মঙ্গলবার শুরু হচ্ছে কুকুরের জলাতঙ্ক নিরোধক টিকাদান

জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় চট্টগ্রামের সাতকানিয়ায় আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীনে পরিচালিত এই কর্মসূচি ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, ২০৩০ সালের মধ্যে দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে এই তৃতীয় রাউন্ডের টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামছুজ্জামান। তিনি বলেন, "জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, যা মূলত কুকুরের কামড়ে ছড়ায়। এই কর্মসূচি সফল হলে সাধারণ মানুষ ও শিশুদের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।"
সভায় চিকিৎসকরা জানান, দেশে জলাতঙ্ক সংক্রমণের ৯৫ থেকে ৯৯ শতাংশ ক্ষেত্রে দায়ী কুকুর। আগে বছরে প্রায় ২ হাজার মানুষ এ রোগে মারা গেলেও সরকারের নিয়মিত টিকাদান কর্মসূচির ফলে ২০২৪ সালে এই সংখ্যা ৫৬ জনে নেমে এসেছে।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।






