সাতকানিয়ায় বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান দিবস পালিত: মা সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গত বুধবার বেলা ১১টায় বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সাফল্যকে স্মরণ করে '৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সায়েম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮ নম্বর ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ ফোরকান। এতে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি মোহাম্মদ শফি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মামুনুর রশিদ।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলমকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের চেতনা তুলে ধরে বলেন, "শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সুশিক্ষিত ও নৈতিক গুণসম্পন্ন নাগরিকরাই আগামী দিনে দেশ ও জাতির ভাগ্যের ইতিবাচক পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করবে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাস্টার মোস্তফা কামাল, মোহাম্মদ এহেসান ও সাংবাদিক নুরুল ইসলাম সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন।











