লোহাগাড়ায় নবজাতক ও শিশু চিকিৎসায় চালু ৩ বিশেষায়িত ইউনিট

লোহাগাড়ায় নবজাতক ও শিশুদের চিকিৎসাসেবায় নতুন সংযোজন হিসেবে তিনটি বিশেষায়িত ইউনিট চালু করেছে সাউন্ড হেলথ হাসপাতাল। এর মাধ্যমে জটিল ও সংকটাপন্ন নবজাতক এবং শিশুদের স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন তিনটি বিশেষায়িত ইউনিটের উদ্বোধন করা হয়।
ডা: মো. ইশতিয়াক আহমেদ ও ডা. নুসরাত জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাউন্ড হেলথ হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. এ.জে.এম সাদেক, ভাইস-চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান, ডা মোহাম্মদ ইছমাঈল, নির্বাহী পরিচালক ডা. জামাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডা. একরাম হোসেন, ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, ডা. মোহাম্মদ আলী প্রমূখ।
বক্তারা বলেন, নবজাতক ও শিশুদের জটিল রোগের চিকিৎসায় দ্রুত ও বিশেষায়িত সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহাগাড়া ও আশপাশের এলাকার অনেক রোগীকে এতদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীতে যেতে হতো। স্থানীয়ভাবে বিশেষায়িত ইউনিট চালু হওয়ায় জরুরি মুহূর্তে রোগীরা দ্রুত চিকিৎসার আওতায় আসতে পারবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতক ও শিশুদের চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন তিনটি ইউনিট চালু করা হয়েছে। এসব ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে রোগীদের চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, নবজাতক ও শিশুদের জটিল চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রয়োজনীয় চিকিৎসার জন্য যাতে রোগীদের দূর-দূরান্তে ছুটতে না হয়, সে লক্ষ্যেই এই বিশেষায়িত ইউনিটগুলো চালু করা হয়েছে।
এছাড়া স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







