লামায় পাহাড় ঘেরা মাচাংঘর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

বান্দরবানের লামায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিলেরতুয়া চংবট মুরুং পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কাইংপা মুরুং (৪৯)। তিনি স্থানীয় ২ নম্বর লামা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া এলাকার মৃত রাংলাই মুরুংয়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাইংপা মুরুংয়ের বিরুদ্ধে ২০০২ সালের একটি অস্ত্র মামলা এবং একটি দ্রুত বিচার আইনের মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডের পরোয়ানা ঝুলে ছিল। দীর্ঘ দুই দশক ধরে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার বসতঘরে (মাচাংঘর) অভিযান চালিয়ে পুলিশ তাকে নিয়ন্ত্রণে নেয় এবং তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্রটি উদ্ধার করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে একটি মামলা (মামলা নং-০৫) দায়ের করা হয়েছে। আজ তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।









