রেকর্ড ভোটে শাহজাহান চৌধুরীকে বিজয়ী করার আহ্বান শামসুল ইসলামের

সাতকানিয়া-লোহাগাড়া আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে রেকর্ড ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আ.ন.ম শামসুল ইসলাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া হাই স্কুল মাঠে আয়োজিত এক বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শামসুল ইসলাম বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে জোটের প্রার্থীদের বিজয়ী করতে পারলে দেশ থেকে ফ্যাসিবাদ, দুর্নীতি ও গুম-খুন চিরতরে বিদায় নেবে। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে কোনো রক্তচক্ষুকে ভয় না পেয়ে ভোটের দিন সকালেই কেন্দ্রে উপস্থিত হতে হবে।”
সমাবেশে চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে উন্নয়নের নতুন গতি ও শান্তির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এই সংসদ সদস্য।
আবেগঘন বক্তব্যে ১১-দলীয় জোটের প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, “আমি বিগত সময়ে দুইবার সংসদ সদস্য থাকাকালে কোনো অনিয়ম বা দুর্নীতির আশ্রয় নেইনি। এবারও নির্বাচিত হলে সাতকানিয়া-লোহাগাড়াকে একটি মডেল সংসদীয় আসনে পরিণত করব।” তিনি আরও জানান, জোট ক্ষমতায় গেলে চট্টগ্রামকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে।
সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল কানু পুকুর, থানা মোড় ও উপজেলা কমপ্লেক্সসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে ১১-দলীয় জোটের শরিক দলগুলোর স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।






