রামুতে ধানের শীষের জনসভা সম্পন্ন, ১২ তারিখ জয়ের প্রত্যয়

কক্সবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে রামু উপজেলায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও পরিবর্তনের লক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে লুৎফর রহমান কাজলকে জয়ী করার আহ্বান জানান।
বিকেল ৩টায় সভার সময় নির্ধারিত থাকলেও দুপুর থেকেই উপজেলার ১১টি ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। সভায় প্রধান বক্তা হিসেবে কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজল উপস্থিত হলে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দেয়। দীর্ঘ সময় প্রখর রোদে অবস্থান করায় বেশ কিছু কর্মী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।
লুৎফর রহমান কাজল তাঁর বক্তব্যে বলেন, “ধানের শীষ আজ সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতীকে পরিণত হয়েছে। রামুর জনগণ এই জনসভার মাধ্যমে প্রমাণ করেছে যে তারা পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা একটি শোষণমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”
রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রাশেদ মোহাম্মদ আলী এবং রামু প্রেসক্লাব সভাপতি আবদুল্লাহ আল মামুন।
বক্তারা আগামী ১২ তারিখের নির্বাচনে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন।







