রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুনকে খালাস
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুনকে খালাস

রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুনকে খালাস
ছবি সংগৃহীত।

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত । সাক্ষ্য-প্রমাণে স্বপ্না খাতুনের অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণ বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন। এসময় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।

এদিন সকাল ১০টা ৩৬ মিনিটে আলোচিত এই মামলার রায় ঘোষণা শুরু হয়। রায় পাঠ করে শোনান বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। টানা দুই ঘণ্টা রায় ঘোষণা করা হয়।

রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তবে আসামি স্বপ্না খাতুনের খালাস রাখার বিষয়ে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলাপ করে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেব।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। একইসঙ্গে এ বিষয়ে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট।

এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

সোমবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি হয়।

রামিসার বাবা তার পরিবারের লোকজন নিয়ে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকায় ফ্ল্যাটে ভাড়া বাসায় থাকতেন। তিনি বনানীতে একটি বেসরকারি অফিসে চাকরি করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও একই বাসার অন্য ফ্ল্যাটে থাকতেন। ভিকটিম রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর রুমের জানালার গ্রিল কেটে ১ নং আসামি সোহেল রানা পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয় পুলিশ। আর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন। গত ২১ মে সেই মামলায় সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

গত ২৫ মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। ওইদিনই মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন। এর মাধ্যমে একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়।

এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। আর ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

এছাড়া আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারকে দিতে বলা হয়েছে।

জরিমানার টাকা না দিলে কালেক্টরেট অফিসকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও তা বিক্রি করে রামিসার আইনগত উত্তরাধিকারদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা করা হয়।

এরপর রামিসা হত্যায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে এসে পৌঁছে। তারপর দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন।




মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান

মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান
ছবি সংগৃহীত।

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে কোনো ধরনের গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় গতকালের সভাটি স্থগিত করা হয়। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। এ সময় তিনি শ্রমিকদের গুজব বা ভুয়া তথ্যে কান না দেওয়ার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান।

মজুরি কার্যকরের সময়সীমা সম্পর্কে বোর্ড চেয়ারম্যান বলেন, ঘোষণা যেদিনই আসুক, নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের পরও কয়েকটি এলাকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএন সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।




রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
ছবি সংগৃহীত।

পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা হয়। কয়েক ঘণ্টার জন্য এ সরবরাহ গ্রিডে যুক্ত থাকবে। স্থায়ীভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে আরও কিছুদিন পর।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি সফলভাবে সম্পন্ন হলে আগামী ২১ নভেম্বর অথবা এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে পারমাণবিক বিদ্যুৎ।

প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্য়বেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তীতে, বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪-৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের সময় কেন্দ্রটি কয়েক ঘণ্টা জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত থাকতে পারে। এ সময় উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি গ্রিডের আচরণ পর্যবেক্ষণ করা হবে। কোনো কারিগরি জটিলতা দেখা দিলে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরীক্ষা শেষে কেন্দ্রটি আবার বন্ধ রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

প্রকল্প সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের জন্য তারা প্রস্তুত রয়েছে। এখন পরীক্ষামূলকভাবে গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপন করে জাতীয় গ্রিডের সক্ষমতা যাচাই করা হবে। কেন্দ্র চালুর দীর্ঘ কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষার সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় পর্যবেক্ষণ করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন। ১২শ মেগাওয়াট ধারণ সম্পন্ন ২টি ইউনিটের মাধ্যমে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা।




সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক : স্পিকার

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক : স্পিকার
ছবি সংগৃহীত।

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতে স্পিকার এ তথ্য জানান।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকা ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। সেটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।  ১৯৪০ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ ওসমান গণির সন্তান।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর তিনি বাকৃবিতে শিক্ষকতা এবং বিশ্বব্যাংকে উচ্চপদে কর্মরত ছিলেন। ২০০১ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।