মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ফটিকছড়িতে যুবদল নেতার সংবাদ সম্মেলন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো এলাকায় সংঘটিত একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূজপুর থানা যুবদলের সাবেক আহ্বায়ক নুরুল আমিন আজাদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি হেয়াকো এলাকায় সংঘটিত একটি মারামারির ঘটনায় আমাকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। অথচ ঘটনাটির সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই একটি মহল পরিকল্পিতভাবে আমাকে এই মামলায় জড়িয়েছে।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। আমার ব্যক্তি ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
নুরুল আমিন বলেন, এলাকায় একটি প্রভাবশালী চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, লুটপাট ও দখলবাজির সঙ্গে জড়িত। আমি এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমাকে প্রতিহিংসার শিকার হতে হয়েছে।
নুরুল আমিন আজাদ বলেন, এর আগেও আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল, যেখানে আমি বর্তমানে জামিনে রয়েছি। চলমান মামলাটিও একই কৌশলের অংশ।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।








