ভূজপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ সওদাগরের ইন্তেকাল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ সওদাগর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকাল ১১টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
মরহুম কবির আহমেদ সওদাগর ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ভূজপুর আদর্শ উচ্চবিদ্যালয়, ভূজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জারহাট মাদ্রাসা ও মির্জারহাট বাজার পরিচালনা কমিটির একাধিকবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন এলাকার একজন প্রবীণ মুরব্বি ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্থানীয়দের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ সোমবার মাগরিবের পর মির্জারহাট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।








