ভূজপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, তড়িঘড়ি দাফন
ফটিকছড়ির ভূজপুরের মির্জাহাট বাজার এলাকায় একটি মুদির দোকানের গোডাউন থেকে জুয়েল আরমান (৩১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে মির্জাহাট বাজারে তাদের পৈত্রিক মুদির দোকানের গোডাউনে এ ঘটনা ঘটে
নিহত জুয়েল আরমান উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর বড়বাড়ির জহুরুল ইসলাম সওদাগরের ছেলে। তিনি নববিবাহিত ছিলেন। তার স্ত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকেলে দোকানের এক কর্মচারী গোডাউনে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তাকে কোথায় নেওয়া হয়েছিল, তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
ভূজপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিম হোসেন বলেন, গলায় আঘাতের চিহ্ন ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।
স্থানীয়দের দাবি, কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে জুয়েল মানসিক অস্থিরতায় ভুগছিলেন। ঘটনার পর দ্রুত জানাজা শেষে তাকে দাফন করা হয়। তড়িঘড়ি দাফন নিয়েও এলাকায় নানা আলোচনা চলছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তার আগেই দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।








