ভাত ও ভোটের অধিকার রক্ষায় ‘মোমবাতি’তে ভোট চান মাওলানা শাহজাহান

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে ‘মোমবাতি’ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই। সোমবার (২৬ জানুয়ারি) আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা শাহজাহান সকালে তৈলারদ্বীপ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে তিনি বরুমচড়া, ঝিওরী, শোলকাটাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মাওলানা এস এম শাহজাহান অভিযোগ করেন, আনোয়ারা ও কর্ণফুলী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, “সাধারণ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। ইনশাআল্লাহ, মোমবাতি প্রতীকের জয় হলে আমরা অবহেলিত মানুষের পাশে থাকব।” এ সময় তিনি জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদের সভাপতি আহমদ নুর আলকাদেরী, সাবেক নেতা গোলাম মোস্তফা, বারখাইন ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মিজানুল হক, যুগ্ম সম্পাদক জাকের সওদাগর, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান প্রমুখ। এছাড়া যুবসেনা ও ছাত্রসেনার স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই গণসংযোগে অংশ নেন।






