বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ নূরনবী চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহীনুর ইসলাম ও মৎস্য কর্মকর্তা নাঈম হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মতো ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতির কঠিন ক্রান্তিলগ্নে দ্বিতীয়বারের মতো ফিনিক্স পাখির মতো জেগে উঠেছিলেন। তাঁর সেই সিপাহি-জনতার বিপ্লবের ফলে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল, গণমাধ্যম বাক স্বাধীনতা পেয়েছিল এবং মানুষ তাঁর মতপ্রকাশের অধিকার ফিরে পেয়েছিল।
বক্তারা আরও বলেন, তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯০-এ স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামী শাসনব্যবস্থার পরিবর্তনে নেতৃত্ব দিয়েছিল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলনে ছাত্র-জনতা মুখ্য ভূমিকা পালন করে দেশকে ফ্যাসিবাদমুক্ত করে।
আলোচনা সভা থেকে দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।










