বোয়ালখালীতে ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘর থেকে মো. জমির উদ্দিন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জমির উদ্দিন ওই এলাকার জহির আহমদের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের কারণে তিনি মানসিক চাপে ভুগছিলেন। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজের কক্ষে তিনি ফাঁস লাগান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”






