বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন কারানির্যাতিত বিএনপি নেতা অ্যাডভোকেট মো. লোকমান শাহ্
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন কারানির্যাতিত বিএনপি নেতা অ্যাডভোকেট মো. লোকমান শাহ্

বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন কারানির্যাতিত বিএনপি নেতা অ্যাডভোকেট মো. লোকমান শাহ্
অ্যাডভোকেট লোকমান শাহ

ছাত্ররাজনীতি থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এবং বিগত ১৭ বছর দলের নেতাকর্মীদের চট্টগ্রাম আদালতে আইনি সেবা দিয়ে কারামুক্ত করা প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট মো. লোকমান শাহ্ এবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তিনি আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনয়নপ্রত্যাশী। এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় ও জনসেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যক্তিগত ও শিক্ষাজীবনে তিনি আনোয়ারা কলেজ থেকে এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (পাশ) এবং পরবর্তীতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএল.বি ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট (ঢাকা) ও জজ কোর্ট (চট্টগ্রাম)-এর আইনজীবী এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিবিউটর হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মো. লোকমান শাহ্ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আনোয়ারা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য, দপ্তর সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এবং ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি মঞ্চ’-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। ২০১৩ সালের ১৮ মার্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থাকাকালে শেখ হাসিনা পতন আন্দোলনের কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় থেকে কোতোয়ালী থানার একটি মামলায় তিনি গ্রেপ্তার হন। এছাড়া ২০২৩ সালের ২৭ অক্টোবর এক দফা আন্দোলনে ঢাকার মহাসমাবেশে যাওয়ার পথে যাত্রাবাড়ী এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হন।

পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। গত ১২ বছর ধরে চট্টগ্রাম জজ কোর্টে সফলভাবে আইনি সহায়তা প্রদানের পাশাপাশি ছাত্ররাজনীতির সময়কাল থেকেই তিনি বৈরাগ ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছেন। এলাকার দরিদ্র ও অসহায় মানুষের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে অন্যায়ের সঙ্গে কখনো আপস না করার নীতিই তাঁর মূল শক্তি বলে জানান স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।

মনোনয়নের ব্যাপারে মো. লোকমান শাহ্ বলেন, “বিগত দিনে দলে আমার ভূমিকা ও মানবসেবায় কাজের মূল্যায়ন করবে দল। আমি অতীতেও বিভিন্ন নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। আশা রাখছি দল এবার আমাকে মূল্যায়ন করবে। তবে দলের হাইকমান্ড থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে, আমি তা মাথা পেতে নেব।”




আনোয়ারায় শিশু অপহরণের অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ

আনোয়ারায় শিশু অপহরণের অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ
অভিযুক্ত আবদুর রাজ্জাক শেখ

আনোয়ারায় মো. মিসকাত (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় আবদুর রাজ্জাক শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যায়েদ বিন আরকম হেফজখানা ও এতিমখানার সামনে এ ঘটনা ঘটে।

শিশু মিসকাত ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির নূরানী বিভাগের শিক্ষার্থী। সে স্থানীয় বরুমচড়া ১ নম্বর ওয়ার্ডের মো. জমির উদ্দিনের ছেলে। অভিযুক্ত রাজ্জাক শেখের এনআইডি কার্ডের তথ্যমতে, সে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বন্দর এলাকার কালা মিয়া শেখের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু জাফর চৌধুরী মিজান বলেন, “দুপুর ১২টায় মাদ্রাসার টিফিন ছুটির সময় ওই শিশুটিকে অভিযুক্ত ব্যক্তি কোলে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন তাকে আটক করে। তার কাছ থেকে একটি এনআইডি কার্ড ও এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে ফোন করলে অপর প্রান্ত থেকে জানানো হয় রাজ্জাক শেখ নামের এই ব্যক্তি আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। পরে আমরা তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করি।”

ভুক্তভোগী শিশুর চাচা সাহাব উদ্দিন বলেন, “আমার ভাতিজাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা হয়েছে। মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে কথা বলে আমরা আইনি ব্যবস্থা নেব।”

আনোয়ারা থানার উপপুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে লোকটিকে মানসিকভাবে কিছুটা অসুস্থ মনে হচ্ছে। ভুক্তভোগী শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




ঢেমশায় দুর্গোৎসবে সম্প্রীতি: সব ধরনের সহযোগিতার আশ্বাস হাজি ফোরকানের

ঢেমশায় দুর্গোৎসবে সম্প্রীতি: সব ধরনের সহযোগিতার আশ্বাস হাজি ফোরকানের
ছবি সংগৃহীত।

সাতকানিয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের দক্ষিণ পাড়া তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ সর্বজনীন উৎসব ঘিরে এলাকা জুড়ে বিরাজ করে আনন্দমুখর পরিবেশ।

গতকাল ১৯ অক্টোবর (সোমবার) রাতে পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী হাজি ফোরকান ধর্মীয় সম্প্রীতির এক চমৎকার বার্তা দেন। তিনি বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানই আমাদের প্রকৃত পরিচয়। আপনাদের ধর্মীয় উৎসব ও পূজা মণ্ডপে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আপনারা আপনাদের ধর্ম নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পালন করবেন—আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শ্রীযুক্ত বাবু পলাশ সেন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রীযুক্ত তপন চক্রবর্তী।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

ঢেমশা দক্ষিণ পাড়া তরুণ সংঘের চমৎকার ব্যবস্থাপনা, সুশৃঙ্খল পরিবেশ এবং অসাম্প্রদায়িক ভাবগাম্ভীর্যের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সর্বস্তরের দর্শনার্থী ও অতিথিবৃন্দ।




আনোয়ারা গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

আনোয়ারা গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ছবি সংগৃহীত।

আনোয়ারা উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে সৈয়দ রফিক আহাম্মদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক আহাম্মদ স্থানীয় সৈয়দ মৃত্যু সিরাজুল হক পুত্র। তিনি এক ছেলে ও পাঁচ মেয়ের বাবা।

স্থানীয় বাসিন্ধা নজরুল ইসলাম বলেন, সোমবার সকালে নিজ বাড়িতে একটি গাছের ডাল কাটতে ওঠেন রফিক আহাম্মদ। ডাল কেটে নিচে নামার সময় পা পিছলে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, সকালে ওই ব্যক্তিকে আহতাবস্থায়  হাসপাতালে আনা হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পরে তাঁকে সেখানে নেওয়ার পথে মৃত্যুর খবর জানতে পারেন তিনি।